বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স-এর ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে বর্তমানে পিপলস চয়েস ভোটে শীর্ষে রয়েছেন তিনি। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই ভোটিং।
এই কঠিন ভোটযুদ্ধের মধ্যেই থাইল্যান্ড থেকে ফেসবুক লাইভে হাজির হন মিথিলা। আবেগভরা কণ্ঠে তিনি দেশের মানুষের সমর্থন চান। অন্যদিকে তাঁর পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা ও বুলিং। এসব কটূ মন্তব্য ও ট্রল বন্ধের আহ্বান জানান।
মিথিলা লাইভে বলেন, ‘গতকাল বিকিনি পরা নিয়ে মানুষ ট্রল করছে। এগুলো দেখলে আমার খুব খারাপ লাগে। দেশের জন্য এত কষ্ট করছি, আপনারা যদি আমাকে সাপোর্ট না করে উল্টাপাল্টা কমেন্ট করেন, তাহলে আমি কিন্তু পারব না। এখানে বিকিনি না পরলে আমি জিততেই পারব না।’
তিনি আরও বলেন, ‘আমি যদি বিকিনি না পরি, তাহলে তো টপ থার্টিতেও যেতে পারব না। আপনারা চান আমি জিতি। জিততে হলে আমাকে বিকিনি পরতেই হবে। বাংলাদেশকে জেতাতে হলে আমাকে এই নিয়ম মানতেই হবে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই দেশের শোবিজ অঙ্গনের বহু তারকা মিথিলার জন্য ভোট চাচ্ছেন। তালিকায় আছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ আরও অনেকে।