ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।
বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্যারিসের একটি আদালত কার্দাশিয়ানের পক্ষে এই প্রতীকী রায় ঘোষণা করেন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, মামলাটির সঙ্গে যুক্ত আইনজীবীরা জানিয়েছেন, কার্দাশিয়ান মূলত মানসিক শান্তি ও আইনি লড়াইয়ের সমাপ্তি টানার জন্যই এই সামান্য আর্থিক ক্ষতিপূরণের আবেদন করেছিলেন।
এর আগে, গত বছর আদালত এই ডাকাতির মূল হোতা ওমর আইত খেদাচে এবং আরও ৭ জনকে দোষী সাব্যস্ত করেন। ফরাসি গণমাধ্যমে এই ডাকাতদলকে ‘লে পাপিস ব্রাকুয়ের’ বা ‘দাদা ডাকাত’ নামে অভিহিত করা হয়; কারণ অভিযুক্তদের বেশিরভাগেরই বয়স ষাট কিংবা সত্তরের ঘরে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা, সশস্ত্র ডাকাতি ও অপহরণের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল।

রায় ঘোষণার পর স্টাইলিস্ট সিমন হারুশের সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে ফরাসি বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কার্দাশিয়ান। ভয়াবহ এই অধ্যায় পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান তিনি।
বিবৃতিতে বলা হয়, ‘সেই অভিজ্ঞতা ছিল অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রভাব আমাদের ওপর রয়ে গেছে। আজকের এই রায় কোনো ক্ষতিপূরণ পাওয়ার জন্য নয়, বরং এটি জবাবদিহিতা এবং সত্যের স্বীকৃতির প্রতীক।’
এপি’র প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় যে রিসেপশনিস্ট হোটেল দ্য পোরতালেসের দায়িত্বে ছিলেন, তাকে ১ লাখ ২৬ হাজার ৪৭২ ডলারের সমপরিমাণ অর্থ এবং হোটেল কর্তৃপক্ষকে ৫৭ হাজার ৭৪১ ডলারের সমপরিমাণ অর্থ জরিমানা করেছেন আদালত।
অন্যদিকে, সেই ঘটনার সময় কার্দাশিয়ানের সঙ্গেই ছিলেন তাঁর স্টাইলিস্ট সিমন হারুশ। বাথরুমে লুকিয়ে তিনি বডিগার্ডকে টেক্সট করেছিলেন। কিমের মতো সিমনও প্রতীকী ১ ইউরো (১৪২ টাকা) ক্ষতিপূরণ চেয়েছেন এবং আদালত তাঁকেও তা প্রদান করেছেন।
প্রতীকী ১ ডলার বা ইউরো দাবির নজির
আইনি লড়াইয়ে হাই-প্রোফাইল তারকাদের প্রতীকী ক্ষতিপূরণ চাওয়ার ঘটনা এটিই প্রথম নয়।
২০১৫ সালে সাবেক রেডিও ডিজে ডেভিড মুলারের বিরুদ্ধে মানহানির মামলা করেন টেলর সুইফট। মিট-অ্যান্ড-গ্রিটের সময় তাঁকে হেনস্তা করার অভিযোগে চাকরি হারানোর পর মুলার সুইফটের কাছে ৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেন। জবাবে সুইফট পাল্টা যৌন নিপীড়নের মামলা করে মাত্র ১ ডলার ক্ষতিপূরণ চান এবং তিনি জয়ীও হন।
একইভাবে ২০২৩ সালে মার্কিন অভিনেত্রী গুইনেথ প্যালট্রো এক ডলারের প্রতীকী ক্ষতিপূরণ জিতেছিলেন। অবসরপ্রাপ্ত অপটোমেট্রিস্ট টেরি স্যান্ডারসন প্যালট্রোর বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা করেছিলেন। স্যান্ডারসনের দাবি ছিল, প্যালট্রো বেপরোয়াভাবে স্কি করার সময় তাঁকে সজোরে ধাক্কা দেন, যার ফলে তাঁর চারটি পাঁজরের হাড় ভেঙে যায় এবং স্থায়ীভাবে মস্তিষ্কের ক্ষতি হয়।
তবে প্যালট্রো পাল্টা দাবি করেন যে, স্যান্ডারসন নিজেই তাঁকে ধাক্কা দিয়েছিলেন। মামলায় প্যালট্রো জয়লাভ করেন এবং আইনি খরচ না নিয়ে কেবল ১ ডলারের প্রতীকী ক্ষতিপূরণ গ্রহণ করেই মামলার সমাপ্তি টানেন।


‘উইডোজ বে’র বাজিমাত, সেরা সিরিজ ‘দ্য পিট’
