সৌদি আরবের জেদ্দায় জমকালো আয়োজনে চলছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। উৎসবের আলো ঝলমলে লাল গালিচায় যেন বসেছে চাঁদের হাট। তবে সব আলোচনা ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন ও হলিউড সেনসেশন ডাকোটা জনসনের একটি মুহূর্ত।
দুই ভুবনের এই দুই তারকা মুখোমুখি হতেই একে অপরকে সৌজন্য ও আভিজাত্যের সঙ্গে সম্ভাষণ জানান। আলাপচারিতার একপর্যায়ে ডাকোটা জনসন বেশ মজা করেই ঐশ্বরিয়াকে বলে ওঠেন, ‘আমরা তো একসঙ্গে মহাকুম্ভে গিয়েছিলাম!’ মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে লিখছেন, ‘অপ্রত্যাশিত কোলাবোরেশন’ বা ‘এক ফ্রেমে দুই রানি’।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেদ্দার সমুদ্রতীরবর্তী ঐতিহাসিক আল-বালাদ শহরে পর্দা উঠেছে মধ্যপ্রাচ্যের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের। ইউনেসকো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এই স্থানে উৎসবটি পাওয়ায় ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মিশ্রণ ঘটেছে। চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। এবারের পঞ্চম আসরে বিশ্বের ৭০টিরও বেশি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
উৎসবের পর্দা উঠেছে ব্রিটিশ-ইয়েমেনি বক্সার প্রিন্স নাসিম ‘নাজ’ হামেদের জীবনীভিত্তিক সিনেমা ‘জায়ান্ট’ দিয়ে। ছবিটির পরিচালক রোয়ান আথলে বলেন, ‘নাজ আমাদের শৈশবের নায়ক ছিলেন। তার ওপর ছবি বানানো আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল।’ ছবিতে নাজের চরিত্রে অভিনয় করা আমির আল-মাসরি জানান, চরিত্রের প্রয়োজনে সাড়ে চার সপ্তাহে তাকে আট কেজি ওজন কমাতে হয়েছে।
উৎসবের মূল আকর্ষণ ‘রেড সি: কম্পিটিশন’ বিভাগে সেরা সম্মান ‘ইউসর অ্যাওয়ার্ড’ জয়ের লড়াইয়ে আছে আরব, এশিয়া ও আফ্রিকার ১৬টি চলচ্চিত্র। এবারের জুরি বোর্ডের নেতৃত্বে আছেন ‘আনোরা’ খ্যাত অস্কারজয়ী নির্মাতা শন বেকার। উৎসবের দ্রুত প্রসারে মুগ্ধ হয়ে বেকার বলেন, ‘মাত্র পাঁচ বছরে এই উৎসবের প্রভাব বিশ্ব চলচ্চিত্রে বিস্ময়কর হয়ে উঠেছে।’
উদ্বোধনী রাতে লাল গালিচায় আরও দ্যুতি ছড়িয়েছেন ভিন ডিজেল, এড্রিয়ান ব্রোডি, স্যার মাইকেল কেইন ও আন ডে আরমাসের মতো আন্তর্জাতিক তারকারা। উৎসবে আসা জিয়ানকার্লো এসপোজিতো বলেন, ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল সিনেমা, শিল্পী ও দর্শকদের একতা উদযাপনের মঞ্চ।’
সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্য—অঞ্চলটির চলচ্চিত্র নির্মাতা তৈরি এবং আন্তর্জাতিক সংযোগ জোরদার করা।