সালতামামি ২০২৫

বিনোদন অঙ্গনের আলোচিত বিয়ে

আদনান-মেহজাবীন, ফারিয়া-তৈয়ব, নিধি-রাবা, তাহসান-রোজা (ঘড়ির কাঁটার দিক)। ছবি: সংগৃহীত

২০২৫ সাল বাংলাদেশের বিনোদন জগতে ব্যক্তিগত জীবনের চমক ও আলোচনা তুলনামূলক কম ছিল। তবে বহুদিনের গুঞ্জন, গোপন সম্পর্ক, হঠাৎ ঘোষণা—সব মিলিয়ে তারকাদের বিয়ে ও প্রেমের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক ও ভক্তদের কৌতূহল সৃষ্টি করেছিল। এক নজরে দেখা যাক বছরের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলো—

তাহসান খান ও রোজা আহমেদ
(জানুয়ারি)

গায়ক ও অভিনেতা তাহসান খান বছরের শুরুতেই আলোচনায় আসে, যখন তাঁর বিয়ের ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাহসান নিজেই নিশ্চিত করেন, তিনি বিবাহ সম্পন্ন করেছেন। পাত্রী রোজা আহমেদ মেকআপ আর্টিস্ট। 

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব
(১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস)

দীর্ঘ এক দশকের গুঞ্জনের অবসান ঘটিয়ে মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব ২০২৫ সালের বিশ্ব ভালোবাসা দিবসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মেহজাবীন নিজেই সামাজিকমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে খবর নিশ্চিত করেন। সম্পর্কের শুরু ২০১২ সাল থেকে বন্ধুত্ব হিসেবে, যা ১৩ বছর পর পরিণয়ে রূপ নেয়। এই বিয়েতে ঢাকার শোবিজ অঙ্গনের অসংখ্য তারকা উপস্থিত ছিলেন।

শামীম হাসান সরকার ও আফসানা আক্তার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শামীম হাসান সরকার
(৪ এপ্রিল)

টেলিভিশন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার গত ৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর স্ত্রীর নাম আফসানা আক্তার। জানা গেছে, তিনি বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। 

আরাফাত মোহসিন (এ কে নিধি) ও রাবা খান
(৫ এপ্রিল)

জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক আরাফাত মোহসিন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান ৫ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সম্পর্কের শুরু গান ও সৃজনশীল সহযোগিতার মাধ্যমে, যা পরে প্রেমে রূপ নেয়। ঢাকায় গোপন আয়োজনে অনুষ্ঠিত বিয়ের খবর সামাজিকমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়।

শবনম ফারিয়া
(১৯ সেপ্টেম্বর)

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া ১৯ সেপ্টেম্বর ঘরোয়া পরিবেশে বিয়ে করেছেন তানজিম তৈয়বকে, যা সামাজিকমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। বিয়ের আনুষ্ঠানিকতা রাজধানীর মসজিদে খেজুর ছিটিয়ে সম্পন্ন হয় এবং দু’পক্ষের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। শবনম ফারিয়া এই নতুন জীবনের সিদ্ধান্ত নিজেই মিডিয়ার সামনে নিশ্চিত করেন, আর এতে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। 

সাকিব মাহবুব ও আরমীন মূসা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাঁধন সরকার পূজা
(২৪ নভেম্বর)

জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা ২৪ নভেম্বর বিয়ে করেন। তাঁর বরের নাম শুভংকর সেন। তিনি পেশায় একজন মডেল এবং চাকরিজীবী।

আরমীন মূসা
(ডিসেম্বর)

বছরের একেবারে শেষদিকে এসে ভক্তদের চমকে দিয়েছেন গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত গায়িকা আরমীন মূসা। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে সামাজিকমাধ্যমে বেশকিছু ছবি শেয়ার করে বিয়ের সুখবর দেন তিনি। পাত্রের নাম সাকিব মাহবুব।