আফরান নিশো, জয়া আহসান, মোশাররফ করিম, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, প্রীতম হাসান, শিহাব শাহীন, রায়াহান রাফী, শঙ্খ দাশগুপ্ত, রুমানা রশীদ ঈশিতাসহ দেশের মিডিয়াঙ্গনের সম্মানিত, গুণী ও জনপ্রিয় অভিনয়শিল্পী–কলাকুশলীদের মিলনমেলায় অনুষ্ঠিত হয়েছিল ‘সেনসেশন চরকি কার্নিভাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’। গত ৩ জুলাই হওয়া এই আয়োজনে ছিল অভিনয়ের মাস্টার ক্লাস, প্যানেল ডিসকাশন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এবার সেই জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি দর্শকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রকাশ পাবে আয়োজনটি।
তারকাদের রেড কার্পেট, ফ্যাশন, সাক্ষাৎকার, মিলনমেলার বিশেষ মুহূর্ত এবং অ্যাওয়ার্ড জয়ের আনন্দ–প্রতিক্রিয়া থাকবে কনটেন্টে। ছুটির রাতে, অর্থাৎ শুক্রবার রাতে দর্শকরা চাইলেই দেখে নিতে পারেন প্রিয় তারকাদের আনন্দের মুহূর্ত। চরকি তাদের নিজেদের অরিজিনাল কনটেন্ট, সিনেমা, সিরিজের কারিগরদের কাজের স্বীকৃতি দিতেই প্ল্যাটফর্মটির দ্বিতীয়বারের মতো এ আয়োজন। এবার ২০২৩ ও ২০২৪ সালের জন্য সাবস্ক্রাইবার চয়েস (দর্শক ভোট) ও সমালোচক বিভাগে ২৩টি করে ক্যাটাগরিতে দেয়া হয় পুরস্কার।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘সবার অংশগ্রহণে আয়োজনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত। কনটেন্টটিকে আমরা এমনভাবে উপস্থাপন করতে চেয়েছি যেন দর্শকরা সবাই মিলে উপভোগ করতে পারেন।’
চরকি অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছেন রাকিন আবসার ও রাফসান সাবাব। মূল মঞ্চে ছিল মুবাশশীরা কামাল ইরার কোরিওগ্রাফিতে ‘ফ্লো বাই ইরা’র নৃত্য পরিবেশনা এবং বিটমসফিয়ারের অ্যাকাপেলা ও বিটবক্সিং পরিবেশনা।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নির্মাতা–অভিনেতা সালাহউদ্দিন লাভলু, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, রুমানা রশিদ ঈশিতা, জাহিদ হাসান। পুরস্কারজয়ীরা হলেন রায়হান রাফী, আশরাফুল আলম শাওন, অনম বিশ্বাস, আফরান নিশো, আজমেরী হক বাঁধন, নাজিয়া হক অর্ষা, শঙ্খ দাশগুপ্ত, রবিউল আলম রবি, জাহিন ফারুক আমিন, আবু সাঈদ রানা, নাসির উদ্দিন খান, সুমন সরকার, সালেহ সোবহান অনীম, আতিয়া রহমান, বিজয়া রত্নাবলী, ইমন চৌধুরী, রিপন নাথ, শহীদুল ইসলাম, মাশা ইসলাম, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, সাবিলা নূর, তানজীব সরোয়ার, অবন্তী সিঁথি, প্রীতম হাসান, মেহজাবীন চৌধুরী, মোহাম্মদ তাওকীর ইসলাম, নুহাশ হুমায়ূন, গুলতেকিন খান, এফ এস নাইম, জিন্নাত আরা, তাহসিন রহমান, সালেহ সোবহান অনীম, রুবামা ফাইরুজ, সাথী আকতার, খৈয়াম সানু সন্ধি, অদীপ সিং মানকি, শিহাব নূরুন নবী, রিজভী রিজু, শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, মোশাররফ করিম, জয়া আহসান, দেবশ্রী অন্তরা প্রমুখ।
আয়োজনে প্রয়াত অভিনেত্রী-লেখক কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা জানানো হয়। কারিনা কায়সারের বন্ধু রেজাউর রহমান ও কামরুন নাহারের হাতে সম্মাননা তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। গত ৩ জুলাই অনুষ্ঠিত আয়োজনে ছিল গুণী অভিনেতা তারিক আনাম খানের মাস্টারক্লাস এবং মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব, নুহাশ হুমায়ূনের প্যানেল ডিসকাশন। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুটি কনটেন্টও শিগগিরই প্রকাশ পাবে ওটিটিতে।


গায়কের গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি!
