সংগীতশিল্পী দিলশাদ নাহার কণার পক্ষে দাঁড়িয়ে মার খাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায় এক যুগ আগে বিদেশে একটি অনুষ্ঠানে এমন ঘটনার মুখোমুখি হন তিনি।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন নুসরাত ফারিয়া। তিনি জানান, ২০১৩ সালে নেপালে একটি বড় শোতে উপস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি। সেই অনুষ্ঠানে শিল্পীদের তালিকায় ছিলেন কণা ও জেমস।
অভিনেত্রী বলেন, ‘কণা আপুর জন্য আমি মার খেয়েছিলাম। ২০১৩ সালে একটি শো করতে নেপালে গিয়েছিলাম। অনুষ্ঠানটির উপস্থাপিকা ছিলাম আমি। শিল্পীদের মধ্যে ছিলেন—কণা আপু, জেমস ভাই। নেপালে এটি বেশ বড় একটি শো ছিল।’
ঘটনার বর্ণনা দিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘‘কোনো একটি কারণে আয়োজকের স্ত্রী কণা আপুর সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই মুহূর্তে বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করি। আমি বলেছিলাম, ‘এ ঘটনার জন্য কণা আপুর কাছে আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।’ তখন ওরা আমাকে আটকে রাখে। তখন তো বয়স আরো কম ছিল, রক্ত গরম ছিল, মাথা গরম ছিল।’’
চট্টগ্রামে জন্ম নেওয়া নুসরাত ফারিয়া বেড়ে উঠেছেন ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায়। শৈশবে তার স্বপ্ন ছিল সেনা কর্মকর্তা হওয়ার।
এক দশকেরও বেশি সময় ধরে দেশের শোবিজ অঙ্গনে আলোচিত নাম নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরুতে উপস্থাপিকা হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের পরিক্রমায় তিনি দুই বাংলার বড় পর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন। তবে এই পথচলা সহজ ছিল না। চড়াই-উতরাই, প্রশংসা ও সমালোচনার ভেতর দিয়েই তাকে নিজের অবস্থান তৈরি করতে হয়েছে।