ভারতের বর্ষীয়ান অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। পরিবার থেকেই তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
হিন্দি ও মারাঠি সিনেমা, টেলিভিশন, থিয়েটার এবং ওটিটি প্ল্যাটফর্ম—সব ক্ষেত্রেই ছিল তার সমান বিচরণ। প্রায় ছয় দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বহুমাত্রিক অভিনয়শিল্পী হিসেবে।
সালমান খানের সঙ্গে ‘রেডি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বেশি পরিচিতি পান। এছাড়া ‘এক ভিলেন’, ‘পরমাণু: দ্য স্টোরি অব পোখরান’ ও ‘জালেবি’র মতো চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে তাকে।
ছোট পর্দায়ও ছিল তার শক্ত উপস্থিতি। ‘ঘর এক মন্দির’, ‘কুমকুম – এক প্যারা সা বন্ধন’ এবং ‘কুলফি কুমার বাজেওয়ালা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের মন জয় করে। সর্বশেষ তাকে দেখা গেছে ইমরান হাশমি অভিনীত নেটফ্লিক্স সিরিজ ‘বার্ড অব ব্লাড’-এ।
প্রবীণা দেশপাণ্ডের মৃত্যুতে ভারতীয় বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শিল্পী সংগঠন সিআইএনটিএএসহ সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
সূত্র: এনডিটিভি