রাশমিকা-বিজয়: সকালে একবার হয়েছে বিয়ে, সন্ধ্যায় হবে আরও একবার!

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে চার হাত এক হলো বিজয় দেবরাকোন্ডারাশমিকা মান্দানার। পাঁচ বছরের প্রেমের সম্পর্ক পেল রাজকীয় পরিণতি অরাবল্লী পাহাড়ে ঘেরা ভারতের উদয়পুরে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ দেবরাকোন্ডা পরিবারের তেলুগু রীতি মেনে প্রথম পর্বের বিয়ে সম্পন্ন হয় এই দক্ষিণ ভারতীয় তারকাদের। তবে এখানেই শেষ নয়! সন্ধ্যায় রাশমিকা মান্দানার পরিবারের কোদাভা ঐতিহ্য অনুযায়ী আবারও বসবেন বিয়ের আসরে। অর্থাৎ একই দিনে দুই সংস্কৃতির আয়োজনে ‘ডাবল ওয়েডিং সেলিব্রেশন’ তারকাদম্পতির।

উদয়পুরে জমজমাট আয়োজন

২৩ ফেব্রুয়ারি দুই পরিবারকে নিয়ে উদয়পুর পৌঁছান তারা। গত দু’দিন ধরে চলেছে সংগীত, গায়ে হলুদ-সহ একাধিক প্রাক্-বিবাহ অনুষ্ঠান। সামাজিক মাধ্যমে সেই আয়োজনের কিছু ঝলকও ভাগ করে নিয়েছেন তারকাযুগল।

খবর, সংগীত অনুষ্ঠানে দেবরাকোন্ডার জন্য ‘ইয়েন্তি ইয়েন্তি’ গানে নেচেছেন রাশমিকা মান্দানা; যা নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।

আবেগঘন মুহূর্ত

রাশমিকা মান্দানাকে বিয়ের উপহার হিসেবে পারিবারিক বালা দিয়েছেন দেবরাকোন্ডার মা। আর বরকে বরণ করা হয়েছে কলা ও ডাবের জল দিয়ে; দক্ষিণী ঐতিহ্যের ছোঁয়ায় ভরা প্রতিটি মুহূর্ত।

সম্পর্ক নিয়ে এতদিন প্রকাশ্যে কিছু না বললেও, গত রবিবার সামাজিক মাধ্যমে বিয়ের ঘোষণা দিয়ে এই বন্ধনের নাম রেখেছেন ‘বিরোশের বিয়ে’! সকালে তেলুগু মতে, সন্ধ্যায় কোদাভা মতে; এক প্রেম, দুই রীতি, আর অসংখ্য শুভেচ্ছায় ভাসছে এই তারকা জুটি।