দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই আয় করেছে প্রায় ৬০০ কোটি রুপি। প্রযোজক জি ধনাঞ্জয়নের বরাতে মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছে বলিউড লাইফ।
জি ধনাঞ্জয়নের মতে, এই সাফল্য কেবল যশের তারকাখ্যাতির ফল নয়; বরং পরিকল্পিত কৌশল ও প্যান-ইন্ডিয়া তারকাদের সমন্বয়ই সিনেমাটির প্রি-রিলিজ ব্যবসাকে এত বড় জায়গায় নিয়ে গেছে। তিনি জানান, মুক্তির আগেই প্রায় ৬০০ কোটি রুপির ব্যবসা নিশ্চিত করেছে ‘টক্সিক’।
তিনি আরও বলেন, ‘‘নয়নতারা বলিউডে ‘জওয়ান’-এর মাধ্যমে বড় ধরনের পরিচিতি পেয়েছেন। অন্যদিকে রুক্মিণী বসন্ত অভিনীত কান্তারা বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল।’’
আগামী ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে টক্সিকের। একই দিনে ‘ধুরুন্ধর টু’ মুক্তির কথাও রয়েছে।
বিশ্লেষকের মতে, দক্ষিণ ভারতীয় কোনো সিনেমা যদি এক হাজার কোটি রুপির ঘর ছুঁতে চায়, তবে উত্তর ভারত থেকে বড় অঙ্কের আয় আসা জরুরি। তার হিসাব অনুযায়ী, যে সিনেমাগুলো এক হাজার কোটি রুপি ছাড়িয়েছে, সেগুলোর মোট আয়ের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশই এসেছে উত্তর ভারত থেকে—অর্থাৎ প্রায় ৪০০ থেকে ৪৫০ কোটি রুপি।