পর্দা উঠল ১৬তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

বিশ্ব সিনেমার অন্যতম জমকালো আয়োজন বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরের পর্দা উঠেছে। গতকাল (বৃহস্পতিবার) চীনের রাজধানী বেইজিংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এ উৎসব।

চায়না মিডিয়া গ্রুপ ও বেইজিং সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ছিল চোখ ধাঁধানো।

স্বাগত বক্তব্য দেন বেইজিং শহর সিপিসি কমিটির প্রচার বিভাগের প্রধান সুন জুনমিন। তিনিই আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

বক্তব্যে সুন জুনমিন বলেন, বেইজিং শুধু একটি শহর নয়—এটি চীনের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। চলচ্চিত্রের মাধ্যমে মানুষের আবেগ ছুঁয়ে যাওয়া, শহরের প্রাণশক্তি বাড়ানো এবং আন্তর্জাতিক যোগাযোগ জোরদার করার ক্ষেত্রে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এবারের আসরে বিশ্বের ১৩৯টি দেশ ও অঞ্চল থেকে মোট ১ হাজার ৮২৬টি চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্রের হার ৮৮ শতাংশ।