বাংলাদেশে গম রপ্তানিতে দুর্নীতি, মুখ খুললেন নুসরাত

টালিউড থেকে রাজনীতির ময়দান—গত কয়েক বছরে নানা কারণে আলোচনার কেন্দ্রে থাকা অভিনেত্রী নুসরাত জাহান এবার ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবের মুখে পড়েছেন। রেশন দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবে বাংলাদেশে গম রপ্তানি সংক্রান্ত অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। 

২২ এপ্রিল ইডির কার্যালয়ে হাজিরা দেন তিনি। বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এবার এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন নুসরাত।

ইনস্টাগ্রাম পোস্টে এই ছবিও শেয়ার করেছেন নুসরাত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তাঁর পরনে ট্যাঙ্ক টপ, শর্টস। চোখে রোদচশমা। নায়িকার লুক নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি আলোচনায় নুসরাতের লেখা ক্যাপশন।

যেখানে তিনি বলেন, ‘অভিযোগ আর অপবাদ—এই দুইয়ের মাঝামাঝি কোথাও শান্তি খুঁজে ফিরছি, যতক্ষণ না সত্যিটা খুঁজে পাই আমরা।’ পাশাপাশি নিন্দুকদের খোঁচা দিতেও পিছপা হননি সাবেক সংসদ সদস্য। আক্রমণকারীদের প্রতি তিনি লিখেছেন, ‘এসো নিন্দুকগণ, যা ইচ্ছে বলার বলে ফেলো।’

গত বুধবার কলকাতার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ৮ ঘণ্টা জেরার মুখে পড়তে হয় নায়িকাকে। তারপর থেকেই নেটিজেনদের আলোচনায় তিনি। কখনও রেশন দুর্নীতি (বাংলাদেশে গম পাচার), আবার কখনো-বা ফ্ল্যাট দুর্নীতির প্রসঙ্গ টেনে অভিনেত্রীর উদ্দেশে ধেয়ে এসেছে কটাক্ষ। বাদ যায়নি অতীতের বিয়ে বিতর্কও!