বিয়ে করলেন দক্ষিণী তারকা বেল্লামকোন্ডা

বিয়ে করেছেন দক্ষিণী সিনেমার অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস। ভারতের তিরুপতি শহরে অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে গত বুধবার (২৯ এপ্রিল) ঘরোয়া আয়োজনে কাব্য রেড্ডির সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রথাগত রীতি মেনে অনুষ্ঠিত এই আয়োজনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের পাশাপাশি অল্পসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমার্কসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

কাব্য ও বেল্লামকোন্ডা। ছবি: সংগৃহীতজানা গেছে, কাব্য রেড্ডি অভিনয় জগতের কেউ নন; আইন পেশার সঙ্গে যুক্ত একটি পরিবারে তার বেড়ে ওঠা। বিয়ের পর সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করেন শ্রীনিবাস। সেখানে তিনি লেখেন, ‘আমার কাব্যা, জীবনের নিজস্ব এক সুন্দর সময় আছে—আর ঠিক সেই সময়েই তুমি আমার জগতে এসেছো।’

আগামী ১ মে হায়দরাবাদে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হবে বলে জানা গেছে।

কাজের ক্ষেত্রে বর্তমানে ‘টাইসন নাইডু’ ও ‘হায়ন্দাভা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। ২০১৪ সালে ‘আল্লুডু শ্রীনু’ সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে, যেখানে তিনি সামান্থা রুথ প্রভুর বিপরীতে অভিনয় করেন। এই ছবির জন্য তিনি সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

এছাড়া ‘রাক্ষসাদু’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে নিজের অবস্থান তৈরি করেছেন বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস।