পর্দা নামল কান উৎসবের, আবারও স্বর্ণপাম পেলেন রোমানিয়ান মুঙ্গিউ

শেষ হলো বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আয়োজন। প্রায় দুই সপ্তাহ ধরে ফ্রান্সের কান শহরে চলা এই উৎসবের পর্দা নেমেছে শনিবার (২৩ মে) রাত সাড়ে ১০টায় (স্থানীয় সময়)।

এবারের আসরের সবচেয়ে বড় চমক ছিল স্বর্ণপাম জয়ী চলচ্চিত্র ‘ফিয়র্ড’। রোমানিয়ান নির্মাতা ক্রিস্তিয়ান মুঙ্গিউ পরিচালিত এই সিনেমাটি নরওয়ের প্রেক্ষাপটে এক অভিবাসী ধর্মীয় পরিবারের টানাপোড়েনের গল্প তুলে ধরে। সংযত নির্মাণ, বাস্তবধর্মী উপস্থাপনা এবং আবেগঘন গল্প বলার জন্য ছবিটি শুরু থেকেই সমালোচকদের প্রশংসা কুড়ায়।

এই জয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো কান উৎসবের সর্বোচ্চ সম্মান পেলেন মুঙ্গিউ। এর আগে ২০০৭ সালেও তিনি স্বর্ণপাম জিতেছিলেন।

সমাপনী অনুষ্ঠানে আরও ঘোষণা করা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের পুরস্কার। গ্রাঁ প্রি জিতেছে ‘মিনোটর’, আর জুরি পুরস্কার গেছে ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’-এর ঝুলিতে। সেরা পরিচালকের পুরস্কার যৌথভাবে পেয়েছেন পাভেল পাভলিকোভস্কি ও স্প্যানিশ পরিচালক জুটি হাভিয়ের কালভো–হাভিয়ের আমব্রোসি।

অভিনয় বিভাগেও ছিল চমক। সেরা অভিনেত্রী হয়েছেন ভার্জিনি এফিরা ও তাও ওকামোতো। অন্যদিকে সেরা অভিনেতা হয়েছেন ভ্যালেনতিন ক্যাম্পান ও এমানুয়েল মাকিয়া। চিত্রনাট্যে পুরস্কার পেয়েছেন এমানুয়েল মার।

উৎসবজুড়ে ইউরোপীয় আর্টহাউস সিনেমার শক্ত উপস্থিতি এবং সামাজিক বাস্তবতাভিত্তিক গল্প বলার প্রবণতা বিশেষভাবে নজরে এসেছে।

এদিকে বিশ্ব চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে কিংবদন্তি শিল্পী বারব্রা স্ট্রেইস্যান্ডকে সম্মানসূচক পাম দ্য’র প্রদান করা হয়। শারীরিকভাবে উপস্থিত না থাকলেও ভিডিও বার্তায় কৃতজ্ঞতা জানান তিনি।

সব মিলিয়ে, শক্তিশালী গল্পনির্ভর সিনেমার জয় এবং ইউরোপীয় ধারার প্রভাবের মধ্য দিয়েই শেষ হলো এবারের কান উৎসব।

বিজয়ীদের তালিকা :

স্বর্ণপাম — ‘ফিয়র্ড’ (ক্রিস্তিয়ান মুঙ্গিউ)

গ্রাঁ প্রি — ‘মিনোটর’ (আন্দ্রেই জভিয়াগিনৎসেভ)

জুরি পুরস্কার — ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’ (ভ্যালেসকা গ্রিসেবাখ)

সেরা পরিচালক — পাভেল পাভলিকোভস্কি (‘ফাদারল্যান্ড’), হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি (‘দ্য ব্ল্যাক বল’)

 সেরা অভিনেত্রী — ভার্জিনি এফিরা, তাও ওকামোতো (‘অল অব আ সাডেন’)

সেরা অভিনেতা — ভ্যালেনতিন ক্যাম্পান, এমানুয়েল মাকিয়া (‘কাওয়ার্ড’)

সেরা চিত্রনাট্য — এমানুয়েল মার (‘আ ম্যান অব হিজ টাইম’)

সম্মানসূচক পাম দ্য’র — বারব্রা স্ট্রেইস্যান্ড