১৭ সিনেমার লড়াই: ৫ পূর্ণদৈর্ঘ্য ও ১২ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী সিনেমা থেকে শুরু করে যুদ্ধ, শৈশব, স্বপ্ন আর মানবিক সম্পর্কের গল্প—বৈচিত্র্যময় ১৭টি চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দোহা চলচ্চিত্র উৎসবের ‘আজিয়াল ফিল্ম কম্পিটিশন’। এবারের প্রতিযোগিতায় থাকছে পাঁচটি পূর্ণদৈর্ঘ্য ও ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, বিজয়ী নির্বাচনের দায়িত্বে থাকবেন ১৬ থেকে ২৫ বছর বয়সী তরুণ বিচারকেরা।

আগামী ১৯ থেকে ২৭ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে ‘দোহা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’। উৎসবের আয়োজক দোহা ফিল্ম ইনস্টিটিউট (ডিএফআই)। গত ৮ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজিয়াল প্রতিযোগিতার নির্বাচিত চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা করা হয়।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভাগে বিশেষ আকর্ষণ রুয়ান্ডা, গ্যাবন, ফ্রান্স, নরওয়ে ও কাতারের যৌথ প্রযোজনার সিনেমা ‘বেন’ইমানা’। মারি-ক্লেমঁতিন দুসাবেজাম্বো পরিচালিত ছবিটি ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ ক্যামেরা দ’অর পুরস্কার জিতেছে। গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক নারীর উদ্যোগে ভুক্তভোগী ও অপরাধীদের পরিবারের মধ্যে সংলাপ এবং নতুন করে জীবন গড়ে তোলার গল্প উঠে এসেছে এতে।

‘বেন’ইমানা’এ বিভাগে আরও রয়েছে ম্যাক্সেন্স ভোয়াজোর ‘গ্যাবিন’, হিন্দ বেনসারির ‘আউট অব স্কুল’, নায়েল খলেইফি ও লিসা দেবোশের ‘সামার মেডো’ এবং কোহেই কাদোওয়াকির ‘উই আর এলিয়েনস’।

চলচ্চিত্রগুলোতে উঠে এসেছে পারিবারিক প্রত্যাশার বাইরে নিজের স্বপ্ন অনুসরণ, দারিদ্র্যের কারণে শিক্ষাজীবন থেকে ছিটকে পড়া, যুদ্ধ থেকে দূরে নতুন জীবনের সন্ধান এবং শৈশবের বন্ধুত্বের নানা অভিজ্ঞতা।

প্রিজনার অব লাভ সিনেমার দৃশ্যঅন্যদিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে ১২টি সিনেমা। এর মধ্যে রয়েছে চীন ও যুক্তরাজ্যের ‘অ্যাজ আ কিউর’, আলজেরিয়াসহ চার দেশের যৌথ প্রযোজনার ‘বুমেরাং অ্যাটমিক’, দক্ষিণ কোরিয়ার ‘বাউন্ডারিজ’, ফিলিস্তিনের স্মৃতি ও সংঘাত নিয়ে নির্মিত ‘ইন্টারসেক্টিং মেমোরি’ এবং লেবাননের শরণার্থীশিবিরের প্রেক্ষাপটে নির্মিত ‘প্রিজনার অব লাভ’।

এ ছাড়া আলোচনার জন্ম দিতে পারে ‘টাইফুন মাম্বো’। সিনেমাটিতে মৃত স্বামীর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবটের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাওয়া এক নারীর গল্প তুলে ধরা হয়েছে। প্রযুক্তি, স্মৃতি ও মানুষের আবেগের জটিল সম্পর্ক উঠে এসেছে এতে।

ভারতের প্রণব ভাসিন পরিচালিত ‘উই ওয়্যার হিয়ার’ ছবিটিও রয়েছে প্রতিযোগিতায়। এতে দেখা যাবে, যন্ত্র মানুষের কাজ কেড়ে নিচ্ছে—এমন আশঙ্কায় তিন অবসরপ্রাপ্ত ব্যক্তি গৃহস্থালির যন্ত্রপাতির কাজ নিজেরা করার উদ্যোগ নেন।

দোহা ফিল্ম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উৎসব পরিচালক ফাতমা হাসান আলরেমাইহি বলেন, তরুণেরা কেবল আগামী দিনের দর্শক নন; তাঁরা আজকের পৃথিবীর গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর, স্বপ্নদ্রষ্টা ও গল্পকার। চলচ্চিত্রের মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ এবং সাংস্কৃতিক আলোচনায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়াই আজিয়ালের অন্যতম লক্ষ্য।

আয়োজকদের মতে, আজিয়াল ফিল্ম কম্পিটিশনের মূল শক্তি তরুণ বিচারকেরা। তাঁরা চলচ্চিত্রগুলো দেখার পাশাপাশি সেগুলো নিয়ে আলোচনা, বিশ্লেষণ ও মতবিনিময় করবেন। এরপর নিজেদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করবেন।

নো বডি সেইড অ্যানিথিং ছবির দৃশ্যএবারের দোহা চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রয়েছে কাতারা, মিডিয়া সিটি কাতার ফিল্ম কমিটি এবং ভিজিট কাতার। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, চলচ্চিত্রপ্রেমী ও চলচ্চিত্রশিল্পের প্রতিনিধিদের অংশগ্রহণে নয় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।