চার হাজার কোটি রুপির বিশাল বাজেট, রণবীর কাপুর-যশ-সাই পল্লবীর মতো তারকাদের উপস্থিতি আর চোখধাঁধানো আয়োজন। সব মিলিয়ে বক্স অফিসে রাজত্ব করছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। কিন্তু এই তারকাবহুল সিনেমার দাপটের মধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মাত্র ৩০ কোটি রুপি বাজেটের আরেকটি ছবি। নাম ‘সিন’। দক্ষিণি তারকা সুরিয়া অভিনীত এই সিনেমা মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ১১৬ কোটি ৭০ লাখ রুপি।
বড় বাজেট কিংবা প্রচারের জৌলুশ নয়, ভিন্নধর্মী গল্প আর অভিনয়ের জোরেই দর্শকের মন জয় করছে ‘সিন’। ৬ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন ‘রোমাঞ্চম’ ও ‘আবেশম’খ্যাত নির্মাতা জিতু মাধবন। এটি তাঁর প্রথম তামিল সিনেমা।
মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে প্রায় ১৯ কোটি ১৫ লাখ রুপি নেট আয় করে ‘সিন’। বিদেশের বাজারেও ছবিটির সূচনা ছিল আশাব্যঞ্জক। প্রথম দিনে বিশ্বব্যাপী আয় দাঁড়ায় প্রায় ৩৪ কোটি ২৫ লাখ রুপি। এরপর শনি ও রোববার দর্শকের আগ্রহ আরও বাড়তে থাকে।
৯ নভেম্বর প্রকাশিত হিসাব অনুযায়ী, প্রথম তিন দিনে সিনেমাটির বিশ্বব্যাপী সংগ্রহ পৌঁছায় ১১৬ কোটি ৭০ লাখ রুপিতে। এর মধ্যে ভারতের বাজার থেকে আসে প্রায় ৮৬ কোটি রুপি।
একই সময়ে ‘রামায়ণ: পার্ট ওয়ান’ বিশ্বব্যাপী প্রায় ৫০০ কোটি রুপির ব্যবসার কাছাকাছি পৌঁছে যায়। তবে দুই ছবির বাজেটের বিশাল ব্যবধান বিবেচনায় ‘সিন’-এর বক্স অফিস পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছে।
অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম বুকমাইশোর হিসাব অনুযায়ী, শুধু রোববারেই ‘সিন’-এর বিক্রি হয়েছে প্রায় ৫ লাখ ১৬ হাজার টিকিট। সংখ্যাটি একই দিনে ‘রামায়ণ’-এর বিক্রি হওয়া টিকিটের প্রায় অর্ধেক। সুরিয়ার আগের দুই সিনেমা ‘কারুপ্পু’ ও ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর প্রথম রোববারের টিকিট বিক্রিকেও ছাড়িয়ে গেছে নতুন ছবিটি।
‘সিংহাম’-এ দাপুটে পুলিশ কর্মকর্তা কিংবা ‘জয় ভীম’-এ প্রতিবাদী আইনজীবী হিসেবে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন সুরিয়া। তবে ‘সিন’-এ তাঁকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন অবয়বে।
সিনেমায় তাঁর চরিত্রের নাম ইনবারাজ। পেশায় পুলিশ কর্মকর্তা। অপরাধ তদন্তে অসাধারণ দক্ষ হলেও ব্যক্তিগত আচরণে তিনি বেশ অদ্ভুত। চাকরি ছেড়ে অবসর নিতে চান। বারবার পদত্যাগপত্র জমা দেন। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ছাড়তে নারাজ।
এর মধ্যেই সামনে আসে পুরোনো এক অপরাধের রহস্য। তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর এক সিরিয়াল কিলারের অস্তিত্ব। বাধ্য হয়ে আবারও কাজে নামতে হয় ইনবারাজকে।
অন্যদিকে ঈশ্বরন নামের সেই খুনির চরিত্রে অভিনয় করেছেন মালয়ালম অভিনেতা নাসলেন। বাইরে থেকে সাধারণ ও নিরীহ মনে হলেও আড়ালে সে ভয়ংকর বুদ্ধিমান এবং নির্মম। পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যমে পুলিশকে বিভ্রান্ত করাই তার অন্যতম কৌশল।
তদন্তে ইনবারাজের সহযোগী হিসেবে যুক্ত হন মায়া। চরিত্রটিতে অভিনয় করেছেন নাজরিয়া নাজিম। তবে তিনি শুধু তদন্তের সহযোগী নন, নিজের ব্যক্তিগত সংকট ও অভিজ্ঞতা নিয়েও এগিয়ে চলেন।
এই তিন চরিত্রের দ্বন্দ্ব, রহস্য আর অপ্রত্যাশিত পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়েছে সিনেমার গল্প।
‘সিন’-এর আরেকটি বড় আকর্ষণ নাজরিয়া নাজিম। দীর্ঘ ১২ বছর পর তামিল সিনেমায় ফিরেছেন এই অভিনেত্রী। মায়া চরিত্রে তাঁর হাস্যরস, আবেগ ও দৃঢ়তার মিশেল প্রশংসা কুড়িয়েছে।
সুরিয়ার সঙ্গে নাজরিয়ার পর্দার রসায়নও দর্শকের আগ্রহ বাড়িয়েছে। পাশাপাশি নাসলেনের অভিনয় ছবির রহস্য ও উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
অন্যদিকে, জিতু মাধবনের নির্মাণশৈলীর অন্যতম বৈশিষ্ট্য অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে হাস্যরস তৈরি করা। ‘রোমাঞ্চম’-এ ভৌতিক গল্প আর ‘আবেশম’-এ গ্যাংস্টার কাহিনির সঙ্গে কমেডির মিশেল ঘটিয়েছিলেন তিনি।
‘সিন’-এও সেই পরিচিত কৌশল ব্যবহার করেছেন নির্মাতা। সিরিয়াল কিলারকে ঘিরে তৈরি গল্প হলেও এখানে শুধু ভয়, রক্তপাত কিংবা উত্তেজনার ওপর নির্ভর করা হয়নি। বরং অপরাধ তদন্তের সঙ্গে যুক্ত হয়েছে বিচিত্র চরিত্র, অপ্রত্যাশিত ঘটনা ও হাস্যরস।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন সুশিন শ্যাম। চিত্রগ্রহণে ভিনীত অগাস্টিয়ান এবং সম্পাদনায় ছিলেন অজমল সাবু।
সুরিয়া ও তাঁর স্ত্রী জ্যোতিকার প্রযোজনা প্রতিষ্ঠান টু ডি এন্টারটেইনমেন্ট এবং ঝাগারাম স্টুডিওস যৌথভাবে ছবিটি নির্মাণ করেছে।


