গাজার বিধ্বস্ত হাসপাতাল, চিকিৎসকদের অসহায়ত্ব আর প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করা মানুষের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘লাইফ সাপোর্ট’। দোহা ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের প্রিমিয়ার ঘিরে আলোচনায় উঠে এসেছে গাজার স্বাস্থ্যব্যবস্থার ভয়াবহ পরিস্থিতি।
সোমবার (২৩ নভেম্বর) উৎসবের এক সংবাদ সম্মেলনে তথ্যচিত্রটির পরিচালক ড্যানিয়েলে রুগো, প্রযোজক উইলিয়াম প্যারি ও নির্বাহী প্রযোজক ফারাহ নাবুলসি চলচ্চিত্রটির নির্মাণপ্রক্রিয়া এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেন।
ইতালীয় নির্মাতা ড্যানিয়েলে রুগো পরিচালিত ‘লাইফ সাপোর্ট’ নির্মিত হয়েছে মূলত গাজায় কাজ করা আন্তর্জাতিক চিকিৎসকদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও দিয়ে। প্রায় তিন বছরের সংঘাতের মধ্যে হাসপাতালের ভেতরের পরিস্থিতি, চিকিৎসাসামগ্রীর সংকট এবং আহত মানুষের চিকিৎসার সংগ্রাম উঠে এসেছে এসব ফুটেজে।
তথ্যচিত্রটিতে অনুসরণ করা হয়েছে তিন চিকিৎসককে। তাঁরা হলেন প্লাস্টিক সার্জন ভিক্টোরিয়া রোজ, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সার্জন নিক মেনার্ড এবং শিশু নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞ তানিয়া হাজ-হাসান। ফিলিস্তিনি সহকর্মীদের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁরা প্রত্যক্ষ করেছেন হাসপাতালের ধ্বংসযজ্ঞ, খাদ্যসংকট ও অসংখ্য হতাহতের ঘটনা।
সংবাদ সম্মেলনে পরিচালক ড্যানিয়েলে রুগো বলেন, চলচ্চিত্রে যা দেখানো হয়েছে, তার সবই চিকিৎসকদের নিজের চোখে দেখা এবং মোবাইল ফোনে ধারণ করা বাস্তব ঘটনা। তাঁর মতে, সংবাদমাধ্যমের প্রচলিত বয়ানের বাইরে প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা তুলে ধরা জরুরি। চলচ্চিত্র এমন কিছু বাস্তবতা গভীরভাবে তুলে ধরতে পারে, যা নিয়মিত সংবাদচক্রে অনেক সময় হারিয়ে যায়।
প্রযোজক উইলিয়াম প্যারি বলেন, একটি জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখার জন্য স্বাস্থ্যব্যবস্থা অপরিহার্য। গাজার চিকিৎসকেরা শারীরিক ক্লান্তি, অপুষ্টি ও ব্যক্তিগত ক্ষতির মধ্যেও মানুষের জীবন বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চলচ্চিত্রটির অন্যতম উদ্দেশ্য তাঁদের সংগ্রামকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যটি এসেছে নির্বাহী প্রযোজক ফারাহ নাবুলসির কাছ থেকে। তাঁর মতে, ‘লাইফ সাপোর্ট’ শুধু দর্শকদের সচেতন করার জন্য নয়; ভবিষ্যতে আদালতে সাক্ষ্য ও প্রমাণের নথি হিসেবেও ভূমিকা রাখতে পারে।
চিকিৎসকদের ধারণ করা ভিডিওর পাশাপাশি গাজার দুই চিত্রগ্রাহক মাহমুদ আবু হামদা ও সুলেইমান হেজ্জির ফুটেজও ব্যবহার করা হয়েছে তথ্যচিত্রটিতে।
যুক্তরাজ্য ও কাতারের যৌথ প্রযোজনায় নির্মিত ৯৩ মিনিটের ‘লাইফ সাপোর্ট’ দোহা ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ প্রদর্শনী বিভাগে জায়গা পেয়েছে। চলচ্চিত্রটির মাধ্যমে গাজার হাসপাতালের ভেতরের এমন এক বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা, যা সাধারণ মানুষের পক্ষে সরাসরি প্রত্যক্ষ করা প্রায় অসম্ভব।