অন্যরকম এক উপহার বড় ভাই আব্রাম খান জয়কে দিলো শেহজাদ খান বীর। আজ (২৭ সেপ্টেম্বর) শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে জয়ের জন্মদিন।
এ উপলক্ষে ভিডিওবার্তায় তাকে শুভেচ্ছা জানিয়েছে শাকিব-শবনম বুবলীর সন্তান বীর। নিজের ভেরিফায়েড ফেসবুকে বীরের ভিডিওবার্তাটি শেয়ার করেছেন বুবলী।
বীর তার পেজে ভিডিওটির ক্যাপশনে লিখেছে, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া'। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও। ওই ভিডিও তে দেখা যায়, বীরের পরনে রয়েছে সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার। একটি রুমে দাঁড়িয়ে বড় ভাই জয়কে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ বলে শুভেচ্ছা জানাচ্ছে বীর।
ভিডিওটিতে ২৫ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। পাশাপাশি মন্তব্যের ঝড় উঠেছে বুবলীর কমেন্টবক্সে। বীরের মতো তার ভক্তরাও জন্মদিনের শুভেচ্ছায় ভাসাচ্ছেন জয়কে।
অন্যদিকে, বড় ছেলে জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন বাবা শাকিব। লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি আব্রাম। এমন দিনে আরও অনেক আনন্দ ফিরে আসুক। আল্লাহ তোমার মঙ্গল করুন।’
সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন নায়ক। এতে বাবাকে নিয়ে গান গাইতে দেখা গেছে জয়কে।
কয়েকদিন আগেই ছেলে বীরকে স্কুলে ভর্তি করিয়েছেন বুবলী। স্কুলের প্রথম দিনে সঙ্গে ছিলেন শাকিবও। সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন এই নায়িকা। সম্প্রতি জয় ও অপু বিশ্বাস আমেরিকা ঘুরে এসেছেন। তাদের সঙ্গে সেময় সময় কাটিয়েছিলেন শাকিব খান।
প্রসঙ্গত, স্ত্রীদের সঙ্গে সম্পর্কটা জোড়া না লাগলেও সন্তানদের নিয়মিত সময় দেন শাকিব খান।