গায়ক থেকে নায়ক রূপে অনেক আগেই আবির্ভূত হয়েছেন এসডি রুবেল। তাঁর অভিনীত প্রথম সিনেমা ছিল ‘এভাবেই ভালোবাসা হয়’। মুক্তির পর বেশ আলোচিত হয়েছিল সেটি। এবার তিনি আত্মপ্রকাশ করতে চলেছেন পরিচালক হিসেবে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে সিনেমাটি। নাম ‘বৃদ্ধাশ্রম’। আর এ সিনেমায় তাঁর নায়িকা হিসেবে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
সিনেমাটি প্রসঙ্গে এসডি রুবেল বলেন, ‘সচেতনতামূলক বার্তা দিতে সিনেমাটির গল্পে সামাজিক অবক্ষয়ের বিষয় তুলে ধরেছি। আশা করছি দর্শক আগ্রহ নিয়ে সিনেমাটি দেখবেন।’
এদিকে, মুক্তি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে ফেসবুক লাইভে হাজির হয়েছিলেন সিনেমাটির নায়ক-নায়িকা। ভক্তদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে নিলেন তাঁরা। ববি বললেন, ‘‘‘বৃদ্ধাশ্রম’ এমনই একটি গল্প, যা আমরা সবাই অনুভব করি। হয়তো-বা এমনই কিছু ফ্যামিলি আছে, যাঁরা এই বিষয়গুলোর মুখোমুখি হন, কিন্তু কিছু বলতে পারে না। কাজটি করতে গিয়ে একটা বিষয় অনুভব করেছি, যাঁরা বাবা-মাকে ছাড়া কিংবা ফ্যামিলির বাইরে থাকতে চায়, আমি আসলে জানি না তাঁরা কী ধরেনর মানুষ? কিছু ব্যাপার আছে, আপনারা যাঁরা সিনেমাটি দেখবেন তাঁরা অবশ্যই অনুভব করবেন। আমি মনে করি, জীবনে পরিবারই প্রথম অগ্রাধিকার। কাজটি করতে গিয়েও এই বিষয়টি অনুভব করেছি।’’
এসডি রুবেলের সঙ্গে এটিই ববির প্রথম কাজ। বিষয়টি উল্লেখ করে চিত্রনায়িকা বললেন, ‘রুবেল ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ ছিল। আমরা খুব মজা করে কাজটি করেছি। যদিও কোভিডের আগে এটি শেষ হয়েছিল, বিভিন্ন সময়ে মুক্তি পাচ্ছে পাচ্ছে করেও পিছিয়েছে। এখন সবার কাছে আমার ভালোবাসার আবদার (যাঁরা আমাকে ববি বানিয়েছেন), সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’
ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটির ট্রেলার। রুবেল-ববি ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন এসডি রুবেল নিজেই।