চলচ্চিত্র ‘মুজিব’

গুগলে সার্চ দিলে সবার প্রথমে আমার নাম আসে: জায়েদ খান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ ও সৌম্য। শেখ হাসিনা চরিত্রে আছেন নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার ছোটবেলায় দীঘি ও বড়বেলায় নুসরাত ইমরোজ তিশা। অন্যদিকে এতে টিক্কা খানের ভূমিকায় আছেন জায়েদ খান। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শো দেখার পর নিজের অনুভূতি জানান জায়েদও। বলেন, ছবিটিতে অনেক তারকা থাকলেও কাস্টিং সার্চে তার নামটিই সবার প্রথমে আসে।

তিনি বলেন, ‘গুগলে যদি কাস্টিংয়ে সার্চ দেওয়া হয় সবার প্রথম আমার নাম আসে। জায়েদ এক নম্বরে। ক্যারেকটারটা করেছি ছবিতে অংশ হওয়ার জন্য। আমাকে যদি হাজার জনতার একজনের ভূমিকাতেও অভিনয় করতে বলা হতো আমি করতাম।’ 

এদিকে গুগুল সার্চে জায়েদ খানের বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। ১৩ অক্টোবর বেলা ১২টায় গুগল সার্চে দেখা যায় ‘মুজিব‌: একটি জাতির রূপকার’ ছবির কাস্টিং তালিকায় প্রথমেই আছেন আরিফিন শুভ। এরপর আছেন নুসরাত ফারিয়া এবং তারপর জায়েদ খান।

জায়েদ খানের দেওয়া তথ্যের সত্যতা নেই। সার্চে প্রথমেই আছেন আরিফিন শুভ

আজ (১৩ অক্টোবর) বহু প্রতীক্ষিত 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমা সারাদেশের ১৪৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো'র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং চলচ্চিত্রটির শিল্পীরা এ সময় উপস্থিত ছিলেন। সেখানেই তারকারা নিজের অভিজ্ঞতা ও অনুভূতি ক্যামেরা সামনে ভাগ করে নেন।

ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় আরও অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী।