ভিসা নাকি অন্য কিছু, শাকিব প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিবকে নিয়ে প্যান-ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করছেন নির্মাতা অনন্য মামুন। তবে রোববার (২২ অক্টোবর) চাউর হয় ‌শাকিবের ভিসা জটিলতায় আটকে আছে ‘দরদ’ নামের সেই সিনেমার শুটিং। এমন গুঞ্জনে প্রকৃত ঘটনা জানাতে মুখ খুললেন নির্মাতা অনন্য মামুন। তাঁর ভাষ্য, ভিসা নয়; টেকনিক্যাল কারণে শুটিং প্ল্যানে পরিবর্তন এসেছে।

বর্তমানে সিনেমাটির কাজে ভারতে অবস্থান করছেন মামুন। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে তিনি বললেন, ‘‘‘দরদ’ টিমের সবার ভিসা সবার হাতে। আমরা সহজ জিনিসগুলো জটিল করে তুলে ধরতে পছন্দ করি... আর সেটা যদি হয় সুপারস্টার শাকিব খান তাহলে তো কথায় নেই। টেকনিক্যাল কারণে শুটিং প্ল্যানে একটু পরিবর্তন আসলো, আর শিরোনাম হয়ে গেলো ‘ভিসা জটিলতায় আটকে গেলেন শাকিব খান’। আসলে পুরো বিষয়টা ভিন্ন। যে যাঁর মতো করে ভেবে নিয়ে বসে আছে। সবার ভিসা হয়ে গেল। এতদিন যৌথ প্রযোজনার সিনেমা হয়েছে। তবে ‘দরদ’-এর ব্যাপারটা ভিন্ন।’’

এর আগে অনন্য মামুন জানিয়েছিলেন চলতি বছর সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর তা হয়নি। তখন শোনা গিয়েছিল গত ২০ অক্টোবর থেকে আবারও শুটিংয়ের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। কিন্তু সেটাও হয়নি। বারবার শুটিং পিছিয়ে যাওয়ায় অনিশ্চয়তা বাসা বাঁধে শাকিবের ভক্তদের মনে। তবে এবার শুটিং প্ল্যানে পরিবর্তন হলেও সিনেমাটি নিয়ে শাকিবিয়ানদের ভরসা রাখতে বললেন এ পরিচালক। 

শাকিবের সঙ্গে অনন্য মামুন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ওই স্ট্যাটাসে মামুন বললেন, ‘আমরা নতুন কিছু যোগ করার চেষ্টা করছি। আর নতুন কিছু মানেই নতুন নিয়ম, নতুন জটিলতা। কিন্তু যেভাবে আমরা শুরু করেছি, সাংবাদিকতা ব্যক্তিগত পর্যায়ে  নিয়ে গেছি, এটা ঠিক না। আর আমার কথা বলছি, পরিচালকেরা অনেক আবেগ নিয়ে কাজ করে, আমরা অনেক কিছু বলে ফেলি। আপনাদেরকে বুঝতে হবে আমরাও মানুষ। শাকিবিয়ানদের বলবো আপনারা কোনো শোনা কথায় কান দিবেন না, আপনাদের সুপারস্টার আপনাদের হতাশ করবেন না।’

প্রসঙ্গত, যৌথভাবে ‘দরদ’ প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিবের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয়ের কথা রয়েছে শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের। বাংলা, হিন্দি, তামিল ও মালয়ালম—এই চার ভাষায় নির্মিত হবে সিনেমাটি।