কালো পোশাকে নজর কেড়েছেন জায়েদ খান। প্রশংসাও পাচ্ছেন ভক্তদের। অথচ একসময় রঙ-বেরঙের বাহারি পোশাক পরায় তাঁকে নিয়ে ট্রল করতেন নেটিজেনদের কেউ কেউ। কিন্তু আজকাল সেই চিত্র পাল্টে গেছে। ইদানীং যেখানেই যাচ্ছেন অধিকাংশ সময়েই তাঁকে দেখা যাচ্ছে কালো শার্ট কিংবা স্যুট পরতে। এই চিত্রনায়ক জানালেন, যাচাই-বাছাই করেই পোশাক-পরিচ্ছদে এই পরিবর্তন।
জায়েদের ভাষ্য, তাঁর অগণিত নারী ভক্ত রয়েছে। তাঁরাই ম্যাসেঞ্জারে তাঁকে ব্ল্যাক ড্রেস পরতে বলেছেন। যে কারণে তিনি ব্ল্যাক পোশাক পরছেন।
গণমাধ্যমে এই চিত্রনায়ক বললেন, ‘পোশাক নির্বাচনের ক্ষেত্রে মেয়েদের মতামত নিই। কারণ আমার প্রচুর নারী ফ্যান আছে। যে নায়কের যত বেশি নারী ফ্যান সে ততই আলোচিত। আবার যে নায়িকার ছেলে ফ্যান বেশি তাঁরাও একইভাবে আলোচিত। সবার মতামত নিয়েছি, সব নারী ভক্তরা আমাকে ব্ল্যাক পরতে বলে। ব্ল্যাক ড্রেস পরলে নারীদের বেশি চুমু পাই। এটা আমারও ভালো লাগে। তাই নারী ভক্তদের মতামতকে গুরুত্ব দিয়ে ব্ল্যাক ড্রেস পরছি।’
পোশাকগুলো জায়েদের জন্য বিশেষভাবে ডিজাইন করা। সে কথা জানিয়ে তিনি বললেন, ‘একটি ফ্যাশন হাউজের কাছ থেকে পোশাকগুলো পাই। আমার জন্য স্পেশালভাবে সেগুলো ডিজাইন করা হয়। পোশাকগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেগুলো একেবারে নতুন, কেউ আগে কখনও এই ডিজাইনের পোশাক পরেনি। এই ড্রেসগুলো বেশি বিক্রি হচ্ছে। আমি যে পোশাকগুলো পরছি এগুলো ওই ফ্যাশন হাউজের কালেকশনে যা ছিল সবগুলো ক্রেতারা কিনে ফেলেছেন।’
সম্প্রতি ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ক্যাম্পেইন শোতে হাজির হয়েছিলেন জায়েদ খান। সেখানেও তিনি ব্ল্যাক ব্লেজার পরে এসেছিলেন। তখনই তিনি জানান, আজকাল তাঁর ব্ল্যাক পোশাকের রহস্য।