‘নীলচক্র’ মিশনে আরিফিন শুভ

সাম্প্রতিক সময়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতেই একরকম আটকে ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। জানিয়েছিলেন এটি মুক্তির পরই আসছে সুখবর। মাঝে গত ২৭ অক্টোবর মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্রটি। এতে ভীষণ প্রশংসিত হন তিনি। এরপরই সামনে এলো নতুন মিশনের খবর।

‘নীলচক্র’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। পরিচালনা করছেন মিঠু খান। চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। 

চলচ্চিত্রটির পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জানা গেছে, শিগগিরই শুরু হতে যাচ্ছে এ সিনেমার শুটিং। তবে কাজটি শেষ না করে এ নিয়ে বিস্তারিত বলতে নারাজ শুভ। শুধু বললেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে।’

এরইমধ্যে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশ্যে এসেছে। যেখানে রক্তের সঙ্গে প্রযুক্তির এক মিশেল দেখা যাচ্ছে।

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এ সিনেমায় আরিফিন শুভ ছাড়াও অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।