সোমবার (২২ জানুয়ারি) স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এখনও চিকিৎসাধীন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালে সর্বদা ফারুকীর পাশে রয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অসুস্থতার খবরটি প্রথমে তিনিই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলে। এবার নির্মাতার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো বলে জানিয়েছেন। কিন্তু কবে নাগাদ বাসায় ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত করেননি চিকিৎসকরা।
গণমাধ্যমে তিশা বললেন, ‘এখন অনেকটাই উন্নতি হয়েছে ফারুকীর। তবে হাসপাতাল থেকে তাকে বাসায় ফেরার বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা হয়নি। সবাই দোয়া করুন। ইনশাআল্লাহ খুব দ্রুত তাকে আমরা কাজে দেখতে পারব।’
প্রসঙ্গত, ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন ফারুকী-তিশা। তাঁদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে। নাম ইলহাম নুসরাত ফারুকী।
এদিকে, ফারুকী নির্মিত চলচ্চিত্রের মধ্যে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’ ও ‘ডুব’ উল্লেখযোগ্য। সবশেষ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে এ নির্মাতার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।