যে কারণে নিপুণের গলায় দেখা গেল মালা

নির্বাচন নিয়ে চলচ্চিত্র পাড়ায় গত কয়েকদিন ধরেই ছিল টানটান উত্তেজনা। প্রতিপক্ষকে কোণঠাসা করতেও দেখা গেছে। তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ দ্বিবার্ষিক এ নির্বাচনে ফলের সময় দেখা গেল ভিন্ন চিত্র। 

বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের গলায় মালা পরিয়ে দেন বিজিত নিপুণ আক্তার। এরপরই এই বিজয়ের মালা চলে আসে নিপুণের গলায়। ডিপজল ও মিশা দুজনই তাদের মালা খুলে তা পরিয়ে দেন নিপুণকে।

এ সময় নিপুণ বলেন, ‘আমার মনে হয় আমার টার্মে থেকে আমি খুব সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেছি। যার সঙ্গে নির্বাচন করেছি, আমি চিন্তাও করি নাই মাত্র ১৭ ভোটে আমি তার কাছে হারব। আমি ভেবেছিলাম ডিপজল সাহেবের সঙ্গে আমি যখন দাঁড়াব, খুব বেশি হলে ৫০টা ভোট পাব। ডিপজল ভাইয়ের বিপক্ষে মাত্র ১৭ ভোটে হারব সত্যিই সেটা আমি চিন্তাও করিনি। ’

তবে ভোট নষ্ট না হলে ফলাফল অন্যরকমও হতে পারত- এমন ইঙ্গিত দেন এই অভিনেত্রী।  

এই নায়িকা বলেন, ‘আমার ২৬টা ভোট নষ্ট হয়েছে, ২০৯টি ভোট আমি পেয়েছি। যেখানে ডিপজল ভাই পেয়েছেন ২২৫টি ভোট। শিল্পী সমিতির ভাই-বোনেরা প্রমাণ করে দিয়েছেন যে তারা আমাকে ভালোবাসেন। আমাকে এত সম্মান দেওয়ার জন্যে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই।’

নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য করে নিপুণ আরও বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাই ২০২৪-২৬ নির্বাচন যারা পরিচালনা করেছেন তাদের। আমার মনে হয় আমার টার্মে থেকে আমি খুব সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেছি।’

উল্লেখ্য, ১৯ এপ্রিল সারাদিন এফডিসিতে হয় ভোটগ্রহণ। পরদিন ভোরে প্রকাশ করা হয় ফল।