এবারের সিরিজের নাম ‘কালপুরুষ’। সামনে এসেছে এর প্রথম পোস্টার। এতে দেখা যায়, একদম বামে নিচের দিকে এক জোড়া রক্তাক্ত পা দেখা যাচ্ছে। প্রথম দেখে বোঝা দায় যার পা সে জীবিত নাকি মৃত। এই পা থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে একজন কিশোরী ও একজন নারী। তারপর একজন লাল রঙা জ্যাকেট ও চোখে একটু ভিন্ন ধরনের চশমা পরা পুরুষ আছেন চেয়ারে বসে। আর একদম ডানে দাঁড়িয়ে আছেন আরেকজন পুরুষ। তার সামনেও ছড়িয়ে-ছিটিয়ে আছে কিছু রক্তের কণা।
এখানে বসে থাকা মানুষটি চঞ্চল চৌধুরী। তার চেহারায় রহস্য। পোশাকেও অস্বাভাবিকতা। সিরিজটি পরিচালনা করেছেন সালজার রহমান। ২ মে বিকেলে চরকির অফিসিয়াল সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা এই পোস্টারটি। চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা আমিনকে দেখা যাচ্ছে পোস্টারটি। তাদেরসহ এই সিরিজে দেখা মিলবে আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর।
চরকি ও ফিল্ম সিন্ডিকেটের যৌথ প্রযোজনায় প্রথম কাজ এটি। কিছুদিন আগে বেশ ঘটা করে ঘোষণা দেয়া হয় যে আগামী ৩ বছরে ফিল্ম সিন্ডিকেট চরকির জন্য নির্মাণ করবে ১০টি সিরিজ। সেই অনুযায়ী আসছে ‘কালপুরুষ’।
পরিচালক সালজার বলেন, ‘অনেক আগে পুরানো ঢাকার একটি ওষুধের দোকান গিয়েছিলাম। সেখান থেকে নানা কারণে এই সিরিজের গল্পটা মাথায় আসে। এরপর কোভিডের সময় সিরিজটা লিখেছিলাম। তারপর নানা ঘটনার পর সিরিজটা লেখা শেষ হয়।‘
তবে চঞ্চলের চরিত্র নিয়ে এখনই কেউ মুখ খোলেননি। কালপুরুষ সিরিজের গল্পটা একদমই নতুন ও ভিন্ন ধারা। দর্শকের জন্য একদম নতুন কিছু নিয়েই হাজির হয়েছেন বলে জানান পরিচালক।