পুনর্গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। আগামী এক বছরের জন্য ঘোষিত ১৫ সদস্যের এই বোর্ডে স্থান পেয়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। রোববার (১২ মে) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশে সেন্সর বোর্ড পুনর্গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করল।
এদিকে, সেন্সর বোর্ডে সদস্য হওয়ার খবরটি অনেকটা আচমকাই শুনেছেন পূর্ণিমা। আগে থেকেই জানতেন কি-না এমন প্রশ্নে গণমাধ্যমে তিনি বললেন, ‘একদমই না। আমি মোটেও প্রস্তুত ছিলাম না এমন সংবাদের জন্য। প্রযোজক খোরশেদ আলম খসরু ভাই আমাকে প্রজ্ঞাপনটা পাঠান। সেটা পেয়ে আমার নামটা বারবার দেখছিলাম। ভুলে লিখেছে কিনা সেটাও ভাবনায় ছিল। তাই দেখে বারবার নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম। এটা কিভাবে সম্ভব হলো? কারণ বিষয়টি নিয়ে আমার সঙ্গে কখনও কারও আলোচনাও হয়নি। সেন্সর বোর্ড বা মন্ত্রণালয় থেকে যাঁরা আমার কথা ভেবেছেন তাদের ধন্যবাদ জানাই। এটা আমার জন্য একটা বড় সারপ্রাইজ।’
যোগ করে তিনি আরও বলেন, ‘আসলে এটা একটা নতুন দায়িত্ব। আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
নতুন কমিটিতে সদস্য হিসেবে অভিনয়শিল্পীদের মধ্যে পূর্ণিমাসহ আরও রয়েছেন সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম। এছাড়াও রয়েছেন প্রযোজক খসরু, পরিচালক জাহাঙ্গীর আলম।
কার্যকর হওয়া নতুন কমিটিতে রয়েছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।
অন্যদিকে, সেন্সর বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।