সিয়ামের সঙ্গে এবার দীঘি

চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে এবার দেখা যাবে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে। নতুন ছবি ‘জংলি’তে অভিনয় করেছেন তিনি। এর আগে সিয়াম ও বুবলীর নামটি এসেছিল। 

বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা এম রাহিম। ‘শান’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল তাঁর। সেটিতেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সিয়াম।

এম রাহিম  বলেন, ‘জংলি সিনেমায় সিয়ামের বিপরীতেই অভিনয় করছেন দীঘি। মূলত চমক দেওয়ার জন্যই নামটি পরে জানানো হচ্ছে। এটির জন্য অনেক পরিশ্রম করেছেন, নিজেকে তৈরি করেছেন দীঘি।’

ঈদুল আজহায় ‘জংলি’ সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। পরে জানা গেছে, সিনেমাটি ঈদের তিন সপ্তাহ পর মুক্তি পাবে।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। সিনেমার চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।