দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে শাকিব খান অভিনীত ‘তুফান’। বাংলাদেশে সাফল্যের পর রায়হান রাফী পরিচালিত ছবিটি আজ ( ২৮ জুন) মুক্তি পাচ্ছে চার মহাদেশে। একযোগে মুক্তি পাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন।
এদিকে, অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ার মাটিতে নতুন রেকর্ড গড়েছে তুফান। মুক্তির ১০ দিন আগেই সেখানে ২ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে যায়। ইতিপূর্বে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এমনটা দেখা যায়নি।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তুফান পরিবেশকের দায়িত্বে রয়েছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘অপ্রতিরোধ্য সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে, বাংলাভাষী থিয়েটারে প্রথম সপ্তাহের প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে, দ্বিতীয় সপ্তাহের টিকিট শিগগিরই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।’
প্রসঙ্গত, তুফান নির্মিত হয়েছে একজন গ্যাংস্টারের গল্পে। ফিকশনধর্মী এ ছবির পটভূমি নব্বই দশকের। দ্বৈত চরিত্রে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। আরও রয়েছেন পশ্চিমবঙ্গের রজত গাঙ্গুলিসহ গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ। পরিচালনা করেছেন রায়হান রাফী।
সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওস লিমিটেড, চরকি ও ভারতের এসভিএফ।