পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে ১৯৭১ সালে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল একদল মুক্তিকামী মানুষ। উপহার দিয়েছে স্বাধীন একটি রাষ্ট্র। স্বাধীনতার ৫৩ বছর পর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশকে আরও একবার স্বাধীনতা উপহার দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন সাধারণ জনগণও। ছিলেন শোবিজের তারকা শিল্পীরাও। ২৪’র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু থেকেই সবর ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শিক্ষার্থীদের চাঙ্গা রাখতে একের পর এক ফেসবুক পোস্ট দিয়ে যাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার নির্মাতা কথা বললেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের নিয়ে।
ফারুকীর কথায়, ‘আশা করি আজকে-কালকের মধ্যে পুলিশ ভাই-বোনেরা কাজে যোগ দিবে। নতুন দিনের নতুন পুলিশ হবে তারা, এই আশা আমাদের। আমরা কি একটা কাজ করতে পারি? রাস্তায় কর্মরত পুলিশ দেখলে তাদের সঙ্গে একটু হাসি বিনিময় করতে পারি? পারলে একটু মোলাকাত? একটা ফুল অথবা চকলেট?’
তিনি আরও বলেন, ‘কালকে আমি সাধারণ কিছু পুলিশের ইন্টারভিউ দেখছিলাম। তারা নিজেরাই ফ্যাসিস্টদের ক্ষমতালিপ্সার কাছে অসহায় ছিল, কিছু খারাপ অফিসার কীভাবে তাদের ব্যবহার করেছে, তাদের পরিবার-পরিজন কতটা অনিরাপদ এবং বিব্রত— এসব বলতে বলতে কেঁদে দিচ্ছিল কয়েকজন পুলিশ সদস্য! তারা শুধু একটা দাবিই জানাচ্ছিল, তারা আর কোনো দলীয় পুলিশ হতে চায় না। তারা মর্যাদার সঙ্গে রাষ্ট্রের কর্মচারী হতে চায়!’
সবশেষে নির্মাতা বলেন, ‘আমরা কি তাদের একটু স্বস্তি দিতে পারি না? যেন তারা মনে করে তারা আমাদেরই একজন।’