নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন ‘তুফান’খ্যাত নির্মাদা রায়হান রাফী। বছরের শেষে শুরু হতে যাচ্ছে তাঁর ‘লায়ন’। যেখানে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শরীফুল রাজ ও পশ্চিমবঙ্গের নায়ক জিৎ।
গণমাধ্যমে নিজেই এই খবর নিশ্চিত করেছেন নির্মাতা। তিনি জানান, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে এটি।
লায়ন নির্মাণ হচ্ছে অ্যাকশননির্ভর গল্পে। বেশিরভাগ শুটিং হবে উত্তাল সাগরের বুকে। রায়হান রাফীর ভাষ্য, নায়ক-ভিলেনের সিনেমা নয় এটা, এখানে জিৎ-রাজ দুজনেই সমান্তরাল নায়করূপে থাকছেন।
যদিও নতুন সিনেমায় নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনও প্রকাশ করতে চাইছেন না রাফী। শুধু জানালেন, এটি নির্মিত হচ্ছে যৌথ প্রযোজনায়। ভারত থেকে থাকছে স্যাডো ফিল্মস। অন্যদিকে, বাংলাদেশ থেকে থাকছে আরও দুটি প্রযোজনা প্রতিষ্ঠান।
এদিকে, ঢালিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল যে, ‘অসিয়ত’ নিয়ে ব্যস্ত রাফী। এতে অভিনয় করছেন আফরান নিশো, মুক্তি পাবে ২০২৫ সালে। তবে এখন এই সিনেমার ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত।