নিশোর ঈদের প্রস্তুতি শেষ!

গত ৮ ডিসেম্বর নিজের জন্মদিনে ভক্তদের চমকে দিয়েছিলেন আফরান নিশো। বিশেষ এই দিনে তিনি দিয়েছিলেন নতুন সিনেমা ‘দাগি’র ঘোষণা। বলেছিলেন, ‘ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে।’

এরইমধ্যে অবশ্য অভিনেতার ঈদের প্রস্তুতিও শেষ! অর্থাৎ সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে।

চলতি সপ্তাহে দাগির শুটিং শেষ করেছেন বলে নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন। রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, রাজশাহী, গাজীপুর ও সাভারের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে যদিও বেশি কিছু জানাতে অপারগ ‘ছুঁয়ে দিলে মন’খ্যাত এই নির্মাতা। ‌তিনি বললেন, ‘এখনই কোনো কিছু বলা যাবে না। এখনও সেই জায়গায় আসিনি। এ বিষয়ে প্রোডাকশন হাউজের সঙ্গে আমার চুক্তি রয়েছে। তাদের নিজস্ব কিছু স্ট্র্যাটেজি রয়েছে, তারাই এ বিষয়গুলোর সিদ্ধান্ত নেবে।’

দাগি টিম। ছবি: অ্যানাউন্সমেন্ট টিজার থেকে স্ক্রিনশট

সিনেমাটি প্রসঙ্গে শুধু বললেন, ‘দাগি একটা গল্পের সিনেমা হচ্ছে, একটা রিডেম্পশনের (দায়মোচন) সিনেমা হচ্ছে।’

তবে ঘোষণা অনুযায়ী সিনেমাটি কোন ঈদে মুক্তি পাচ্ছে সেটি এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে আগামী কোরবানি ঈদে এটি সিনেমা হলে মুক্তি পাবে।

এদিকে, এই সিনেমার মাধ্যমে ‘সুড়ঙ্গ’র পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন আফরান নিশো ও তমা মির্জা। তাঁদের সহশিল্পী হিসেবে রয়েছেন সুনেরাহ বিনতে কামাল। 

আলফা আই ও চরকির সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে কলকাতার এসভিএফ। এই হিসাবে এপার-ওপার দুই বাংলাতেই মুক্তির পরিকল্পনা রয়েছে।