ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী অভিনয় থেকে দীর্ঘদিন ধরেই দূরে। বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। স্টেজ শো কিংবা কমিউনিটি ইভেন্টে তাঁকে নিয়মিত দেখা গেলেও সিনেমায় তাঁর ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ভক্তদের জন্য এল দুঃসংবাদ—চিত্রনায়িকা মৌসুমী হয়তো আর ফিরছেন না পর্দায়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বামী, অভিনেতা ওমর সানী।
সানী জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে নিউ জার্সিতে মেয়েকে নিয়ে মৌসুমী রয়েছেন তাঁর মায়ের সঙ্গে। সেখানেই মন দিয়েছেন পরিবারে। দেশে ফেরার কোনো পরিকল্পনা আপাতত নেই।
তিনি বলেন, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা আর শাশুড়ির অসুস্থতা—সব মিলিয়ে পরিবারই তার অগ্রাধিকার।’
মৌসুমীর মানসিক অবস্থাও তুলে ধরেন সানী। বলেন, ‘ও বলেছে—সে নাকি ভুলে যেতে চায়, সে কোনোদিন মৌসুমী ছিল! এই কথাটা খুব কষ্টের।’
আক্ষেপ করে তিনি যোগ করেন, ‘তার মতো একজন লিজেন্ডকে নিয়ে ভালো কাজের ভাবনাই কারও মধ্যে নেই। নতুনদের মধ্যে অনেকেই নিজেদের মৌসুমীর চেয়েও বড় তারকা ভাবে—এটাও একটা বাস্তবতা।’
উল্লেখ্য, মৌসুমী ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। নায়ক ছিলেন প্রয়াত সালমান শাহ। এরপর একের পর এক হিট সিনেমায় অভিনয় করে হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত অভিনেত্রীদের একজন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা।