গণঅভ্যুত্থান নিয়ে অবশেষে মুখ খুললেন আরিফিন শুভ

চিত্রনায়ক আরিফিন শুভকে অনেকদিন থেকেই কোথাও দেখা যাচ্ছে না। শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছিলেন এই নায়ক। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাম্প্রতিককালে এই সিনেমার জন্য তাকে সমস্যায় পড়তে হয়েছে কিনা—এমন প্রশ্নও জেগেছে ভক্তদের মনে।

জানা যায়, নিজের প্রথম হিন্দি কাজের জন্য বেশ কয়েক মাস ধরে ভারতে অবস্থান করছেন শুভ। সম্প্রতি এক সিনেমার প্রিমিয়ারের জন্য কলকাতায় হাজির হন তিনি। সেখানে মুখোমুখি হন ওপার বাংলার একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের।

কথা বলেছেন গণঅভ্যুত্থান নিয়েও। আরিফিন শুভ বলেন, ‘পৃথিবীতে যত জায়গায় এ পর্যন্ত কোনও অভ্যুত্থান হয়েছে, তার সঙ্গে কিছু কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কের মধ্য দিয়ে শান্তিতে যাচ্ছিলেন, কিন্তু আচমকা একটা ঘটনার শিকার হয়ে গিয়েছেন। এতে কিছু করার থাকে না। আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিছু করি না। কোনও ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তাহলে কলকাতার এই কাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না।’

কাজ নিয়ে অভিনেতা বলেন, ‘‘আমার আগামী ছবি ‘নীলচক্র’ রিলিজ করব সামনে। তারপর ‘নুর’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘লহু’ রয়েছে। আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি—যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেটা হয়ে ওঠা, আর আমার কাজ দেখে দর্শকের প্রতিক্রিয়া। আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেখানে নিজেকে উজাড় করে দেব। কিন্তু বাস্তবেও আমি সেই বোকা লোকটা, এমন তো নয়। আশা করি আমি সবটা বোঝাতে পেরেছি।’’

গত জুলাইয়ে সংসারের পাট চুকিয়ে দিয়েছেন এ নায়ক। কথা প্রসঙ্গে এসেছিল সেটাও। শুভর ভাষ্য, ‘বাইরের আলোচনা আমার ওপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙার ঘটনা পৃথিবীতে প্রথম ঘটছে না। এর চেয়ে অনেক খারাপ কিছু প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। অভিনয় জগতে থাকার জন্য আমাদের নিয়ে মুখরোচক খবর হয়, কী আর করা যাবে! ছয় বছর ধরে আমি ফেসবুক থেকে দূরে। একটা পেজ রয়েছে, যেটা আমার টিম চালায়। ফেসবুক কেমন যেন একটা হেট মেশিনে পরিণত হয়েছে। মানুষ নিজের জীবনে এতটাই বীতশ্রদ্ধ যে, অন্যের নিন্দে করে শান্তি পায়। ব্যাপার হলো, যারা আমাকে নিয়ে কথা বলছে, তারা তো আমার জীবনটা কাটাচ্ছে না। আমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি কিচ্ছু জানে না। তাহলে সে আমাকে নিয়ে কথা বলার কে? বললেই বা আমি শুনব কেন?’

এছাড়া, কলকাতার পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের রোমান্টিক সিনেমা ‘মন মানে না’তে আরিফিন শুভর কাজের কথা থাকলেও, বাংলাদেশে নীলচক্র সিনেমার মুক্তির শিডিউল জটিলতা থাকায় সেটি করা হচ্ছে না বলে জানিয়েছেন এই অভিনেতা। সিনেমাটি দিয়েই টলিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেতা শাশ্বত চ্যাটার্জির মেয়ে হিয়া চ্যাটার্জির।