ফেসবুকে দুটি ভেরিফায়েড পেজ-প্রোফাইল, কে আসল শাবনূর, কে নকল?

সামাজিক যোগাযোগমাধ্যমে আসল শাবনূরকে খুঁজে পাওয়াই যেন চ্যালেঞ্জ! তাঁর নামে রয়েছে শতশত ভুয়া ফেসবুক আইডি ও পেজ। তবে এ নিয়ে এতদিন মুখ না খুললেও, এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন একসময়ের ঢালিউড কুইন শাবনূর।

সম্প্রতি তাঁর নজরে এসেছে ‘শাবনূর’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ। যার সঙ্গে নায়িকার কোনো সম্পর্ক নেই! অথচ পেজটিতে ব্যবহৃত হয়েছে তাঁর আসল তথ্য, ছবি, এমনকি ব্যক্তিগত বিবরণও।

লাইভে এসে এ নিয়ে শঙ্কা প্রকাশ করে শাবনূর বলেন, ‘আমার একটাই ফেসবুক আইডি। বাকি সব ভুয়া। আমি জানি না কে বা কারা আমার পেছনে লেগেছে, কিংবা কেন শত্রুতা করছে? তবে আমি চিন্তিত।’

তবে এবার বুঝি কিছুটা সমাধান হলো সমস্যার। আজ শনিবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে তিনি জানান, অবশেষে তাঁর ফেসবুক ‘প্রোফাইল’ ভেরিফায়েড হয়েছে। তবে একই নামে যে ভেরিফায়েড ‘পেজ’ আছে, সেটা তাঁর নয়।

তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ফেসবুক আইডি ভেরিফাইড হয়ে গেছে। সবার অনুরোধে এটা সত‍্যায়িত করে নিলাম। আশা করি এখন থেকে আমার অফিসিয়াল আইডি চিনতে কারও অসুবিধা হবে না।’

এর আগের দিন শাবনূর বলেন, ‘আমি আগে ফেসবুক ব্যবহার করতাম না। তখন আমার নামে অনেক ভুয়া আইডি খুলে ফেলা হয়েছিল, তবু কিছু বলিনি। পরে আমি নিজেই ফেসবুক চালানো শুরু করি, তখন সবাই জানতে পেরেছে কে আসল কে নকল। তারপর অনেকেই পরামর্শ দিয়েছিল ফেসবুক আইডি ও পেজ ভেরিফায়েড করে রাখতে, কিন্তু আমি গুরুত্ব দিইনি। এখন বুঝতে পারছি, ভুল করেছি।’

উল্লেখ্য, বহুদিন ধরেই অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে বসবাস করছেন শাবনূর। মাঝেমধ্যে দেশে এলেও সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেই মেলে তাঁর খোঁজ, তবে সেখানে এখন আসল-নকল বিভ্রান্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।