এবার কানাডা মাতাতে যাচ্ছেন জায়েদ

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায় তাঁকে। এবার দিলেন নতুন খবর! প্রথমবারের মতো কানাডার ‘ফোবানা সম্মেলন’-এ পারফর্ম করতে যাচ্ছেন তিনি।

আগামী ২৯-৩১ আগস্ট কানাডার মন্ট্রিয়েলে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ৩১ আগস্ট পারফর্ম করবেন জায়েদ খান।

এর আগে বিভিন্ন দেশে পারফর্ম করেছেন এই নায়ক। কানাডার ক্যালগরিতেও পারফর্ম করেছেন। কিন্তু বাঙালি অধ্যুষিত কানাডার মন্ট্রিয়েলে প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছেন তিনি।

জায়েদ খান বলেন, ‘২৯তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯-৩১ আগস্ট। এটি একটি বড় আয়োজন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্মানের। আরও অনেক নামকরা শিল্পী এখানে পারফর্ম করবেন। গান হবে, নাচ হবে—সেই সঙ্গে সবার সঙ্গে আড্ডাও হবে।’

ইতিমধ্যে উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে নিউইয়র্কে যান জায়েদ খান। এরপর থেকে সেখানেই আছেন আলোচিত এই নায়ক। বিভিন্ন আয়োজনেও পারফর্ম করছেন তিনি। এ ছাড়াও তাঁকে দেখা গেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’র টক-শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’র উপস্থাপক হিসেবে।