মুক্তিযুদ্ধের চলচ্চিত্রযোদ্ধা, সাহিত্যিক ও শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ৯০তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে বিকেল ৫টায় রাজধানী ঢাকার একটি কনভেনশন হলে বিশেষ আয়োজন করেছে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট।
‘বাঙালির স্বাধিকার আন্দোলনে চলচ্চিত্রকার জহির রায়হানের দর্শন ও সংগ্রাম’ শীর্ষক এ আয়োজনে থাকছে প্রবন্ধ উপস্থাপন, আবৃত্তি, সংগীত, আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী।
জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলনের সদস্য সচিব রুস্তম আলী খোকন। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু, উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও জহির রায়হানের ছেলে অনল রায়হান।
১৯৩৫ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন জহির রায়হান। পারিবারিক নাম মোহম্মদ জহিরুল্লাহ। জীবদ্দশায় তিনি উপন্যাস, ছোটগল্প, চলচ্চিত্র নির্মাণ ও সাংবাদিকতায় রেখেছেন অসামান্য অবদান। তাঁর লেখা উপন্যাসের মধ্যে ‘হাজার বছর ধরে’, ‘আর কয়টা দিন’, ‘কয়েকটি মৃত্যু’, ‘তৃষ্ণা’, ‘সূর্যগ্রহণ’, ‘আরেক ফাল্গুন’, ‘বরফ গলা নদী’ প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
জহির রায়হান নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কখনো আসেনি’। এরপর তিনি একে একে উপহার দেন ‘কাঁচের দেয়াল’, ‘সংগ্রাম’, ‘বাহানা’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘দুই ভাই’, ‘জীবন থেকে নেয়া’, ‘লেট দেয়ার বি লাইট’সহ একাধিক কালজয়ী ছবি। তাঁর পরিচালিত ‘সঙ্গম’ ছিল তৎকালীন পাকিস্তানের প্রথম রঙিন ছবি।


যে ফোনকলটি না ধরলে বেঁচে যেতেন জহির রায়হান!
