ঘুমহীন মানুষ দেখেছেন? একটু শান্তির ঘুমের আশায় সর্বাত্মক চেষ্টা করেন, কিন্তু নানা কারণে মানুষটি আর ঘুমাতে পারেন না! ফলে প্র বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যা তৈরি হয় এবং জীবন হয়ে ওঠে দুর্বিষহ। এ রকম একজন ঘুমহীন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’।
এতে ঘুমহীন মানুষের ভূমিকায় অভিনয় করেছেন ওমর মালিক। এ ছাড়া এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রুনা খান, মো. ইকবাল হোসেন, সঞ্চিতা দত্ত, আশিক সরকার ও কাকন চৌধুরী।
ওমর মালিক বলেন, ‘নির্মাতা বয়াতির সাথে দীর্ঘদিনের পরিচয়, তার কাজ আমি পছন্দ করি, একসাথে কাজ হয়-হয় করে আর হয়ে উঠছিল না। কিন্তু নিদ্রাসুর-এর গল্প আমাকে এতটাই আকৃষ্ট করেছে যে, সকল প্রতিকূলতা মোকাবিলা করে কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আশা করছি দেশ ও দেশের বাইরের বিভিন্ন চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের মন জয় করবে নিদ্রাসুর।’
জাহাঙ্গীর হোসেন আপনের গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ‘নয়া মানুষ’ দিয়ে আলোচনায় আসা নির্মাতা সোহেল রানা বয়াতি।
নির্মাতা বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ করা আমার মূল লক্ষ্য। আমার ক্যারিয়ার শুরু হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ দিয়ে। দীর্ঘদিন পর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বেশ আনন্দ পেয়েছি। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখতে চাই। মানুষের গল্প তুলে ধরতে চাই।’
জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান সেন্সর ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে দেশি-বিদেশি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে।