অন্ধকার সমাজে আলো ছড়ানোর লক্ষ্যে নির্মিত সিনেমা ‘অন্ধকারে আলো’। সম্প্রতি মুক্তি পেয়েছে এর ট্রেলার। এবার মুক্তির পালা।
আজ শুক্রবার দেশের ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমা। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন প্রযোজক-গল্পকার মীর লিয়াকত আলী।
তিনি বলেন, ‘সিনেমাটি মূলত সামাজিক কুসংস্কার নিয়ে। আমরা প্রথমদিকে ৬টি সিনেমা হলে মুক্তি দিচ্ছি, পরবর্তীতে দেশের বিভিন্ন অডিটরিয়াম ও শিক্ষাঙ্গনে এটি প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে।’
জানা যায়, অন্ধকারে আলো মুক্তি পাচ্ছে ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা), চলন্তিকা (নারায়ণগঞ্জ), আনন্দ (কুলিয়ারচর), সোনিয়া (বগুড়া), বনলতা (ফরিদপুর) ও মিলন (মাদারীপুর) সিনেমা হলে।
আকাশজমিন প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবির গল্পে ধিকৃত এক যুবকের জীবনকাহিনী তুলে ধরা হয়েছে। পরিচালনা করেছেন আনোয়ার সিরাজী।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাকিব, মুসকান, ফরহাদ, রেবেকা, জ্যাকি আলমগীর, ফিরোজ আলম, আনোয়ার সিরাজী, ববি, রেজা হাসমত, অলকা সরকার, তিথী, সানুসহ আরও অনেকে। গানে কণ্ঠ দিয়েছেন আবু বকর সিদ্দিক, অর্জুন বিশ্বাস, সাজু আহমেদ ও রেহেনা আক্তার জ্যোতি।