নতুন লুকে শাকিব, কেউ বলছেন রণবীর!

সোলজারের পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়ানতুন চেহারা, নতুন উন্মাদনা—‘সোলজার’র পোস্টারে এমনই এক ভিন্নরূপে হাজির হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে সিনেমাটির পোস্টার প্রকাশ করেছেন তিনি। সঙ্গে লিখেছেন—‘ইয়োর সোলজার অ্যাট ইওর সার্ভিস’, অর্থাৎ ‘আপনার সৈনিক আপনার সেবায়’!

লুক নিয়ে বেশ চলছে আলোচনা। কেউ তুলনা করছেন রণবীর কাপুরের সঙ্গে! বেশ কয়েকজনের মন্তব্য এমনই। অন্যদিকে, অভিনেত্রী শাহনাজ খুশির কমেন্ট—দৃঢ় সৌন্দর্য ভাই! 

দুই ঘণ্টাতেই মন্তব্য ঘরে এমন উৎসাহে ভরে গেছে সামাজিক মাধ্যম। প্রশংসা করেছেন  হিমেল আশরাফ, সাবিলা নূরসহ অনেকে। 

পোস্টারে দেখা যায়, শাকিব খান এক রহস্যময় ও দৃঢ়চেতা চরিত্রে। তার ঠোঁটের ওপরে মোটা গোঁফ, চোখেমুখে তীক্ষ্ণ অভিব্যক্তি—সব মিলিয়ে একেবারে ভিন্ন এক শাকিব।

এর আগে সিনেমাটির ঘোষণা ও গ্লিম্পস প্রকাশ পেয়েছিল অনলাইনে, তখনই দর্শকদের আগ্রহ চোখে পড়েছিল।

সাকিব ফাহাদ পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন তানজিন তিশা। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী ও রাকিন আবসার।

সব ঠিক থাকলে সোলজার মুক্তি পাবে আগামী ডিসেম্বরে।