ফিরছেন মাহিয়া মাহি, প্রকাশ্যে ছবির পোস্টার

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশ্য তারও আগে থেকেই চলচ্চিত্র দুনিয়া থেকে কিছুটা দূরেই ছিলেন তিনি। সক্রিয় ছিলেন রাজনীতিতে। পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি, বিবাহবিচ্ছেদের মতো ব্যক্তিগত জটিল সময়ও পার করেছেন। এবার সেই বিরতি ভেঙে দিলেন সুখবর!

বুধবার (১৫ অক্টোবর) সামাজিকমাধ্যমে একটি নতুন সিনেমার পোস্টার শেয়ার করেছেন মাহি। শিরোনাম ‘অন্তর্যামী’। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এটি পরিচালনা করেছেন সৈকত নাসির।   

পোস্টারে লেডি গ্যাংস্টার রূপে ধরা দিয়েছেন নায়িকা। দেখা যাচ্ছে, কল-কারখানার চিমনি থেকে ঊর্ধ্বমুখী ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ! জ্বলছে আগুন! আর স্কুল ব্যাগ কাঁধে দৌড়ে চলেছে একটি শিশু।        

রহস্যময় আবহের এই পোস্টার শেয়ার করে মাহি লিখেছেন, ‘সে ফিরে এসেছে। সে তোমাদের মন পড়তে পারে। সে সহজাত। যদি জোর করা হয়, তবে সে হত্যা করতে প্রস্তুত।’

অন্তর্যামী সিনেমার পোস্টারটি শেয়ার করেছেন মাহি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সিনেমাটিতে মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করেছে শিশুশিল্পী মাবশু। তাঁদের ঘিরেই এগিয়েছে গল্প। দর্শকরা একে ‘অগ্নি ২’র পরের গল্পও ভাবতে পারেন, যদিও আসলে তা নয়! বরং তা স্বতন্ত্র একটি গল্প, যেখানে কোনো নায়ক নেই।

সেই পোস্টে মাহি বলেন, ‘‘‘অন্তর্যামী’ একটি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো নায়ক নেই। অন্তর্যামীকে ‘অগ্নি ২’-এর পরের গল্প বলতে পারেন। কিন্তু এই সিনেমা অগ্নি না, কারণ অগ্নি হবে প্রতিশোধের গল্প। আর অন্তর্যামী হলো সারভাইভাল স্টোরি (সংগ্রামী গল্প)। তবে অন্তর্যামী হবে অগ্নির চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশন।’’

তিনি জানান, সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড ও আমেরিকায়। কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। ফাইট পরিচালনা করেছে জাইকা স্ট্যান্ট। সব ঠিক থাকলে সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, সবশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘রাজকুমার’ ছবিতে মাহিয়া মাহিকে দেখা গিয়েছিল। তারপর থেকেই পর্দায় তিনি অনুপস্থিত।

অন্যদিকে, ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এই নায়িকা। যদিও তিনি দলীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। কিন্তু দল থেকে মনোনয়ন পাননি। এরপর ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেন তিনি।