ছেলের পরিচালনায় মুক্তি পাচ্ছে কবরীর অসমাপ্ত সিনেমা

কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী রেখে গেছেন তাঁর শেষ কাজ—‘এই তুমি সেই তুমি’। জীবদ্দশায় সিনেমাটির শুটিং প্রায় শেষ করলেও ২০২১ সালে মৃত্যুর কারণে তা অসমাপ্তই থেকে যায়। পরবর্তী সময়ে কবরীর ছেলে শাকের চিশতী সেই অসমাপ্ত কাজের দায়িত্ব নেন এবং ২০২৩ সালের শেষের দিকে সিনেমাটির নির্মাণকাজ সম্পন্ন করেন।

এবার মুক্তির পথে হাঁটছে এই তুমি সেই তুমি। তবে দেশের পর্দায় নয়, প্রথমে বিদেশের কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে চলচ্চিত্রটির। এরপর দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শাকের চিশতী।

তিনি বলেন, ‌‘আম্মুর অসমাপ্ত কাজ শেষ করাটা আমার জন্য বিশাল চ্যালেঞ্জ ছিল। অবশেষে সেটি করতে পেরেছি। ডাবিং, সম্পাদনা থেকে শুরু করে শেষ মুহূর্তের কাজগুলোও নিজেই তদারকি করেছি।’

শাকের চিশতী। ছবি: সংগৃহীতচিশতী আরও বলেন, ‘আম্মু চলে যাওয়ার পর নানা জটিলতার কারণে সময় লেগেছে। ইতিমধ্যে বিদেশের কয়েকটি উৎসবে সিনেমাটি পাঠানো হয়েছে। সেসব উৎসবে প্রদর্শনীর পরই দেশে মুক্তির সিদ্ধান্ত নেব। তাই এখনই কোনো নির্দিষ্ট সময় জানানো সম্ভব নয়।’

এই তুমি সেই তুমি’র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন কবরী নিজেই। গল্পে দুটি সময়ের প্রতিফলন রয়েছে—একটি বর্তমান, অন্যটি মুক্তিযুদ্ধের সোনালী দিন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ।

পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি সিনেমাটির জন্য গানও লিখেছিলেন কবরী। তাঁর লেখা গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল, আর সংগীত পরিচালনা করেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।