নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী আজ। তাঁকে নিয়ে টেলিভিশনের পর্দায় থাকছে বর্ণাঢ্য আয়োজন—
স্মৃতির পাতায় হুমায়ূন
প্রয়াত এই কিংবদন্তির বহু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন ডা. এজাজ। মূলত তাঁর পরিচিতিই তৈরি হয়েছে হুমায়ূন আহমেদের নির্মাণে। সাবলীল ও রম্যরসাত্মক অভিনয়ে জনপ্রিয়তা পান তিনি।
কাজ করতে গিয়ে হুমায়ূন আহমেদের সঙ্গে অনেক বিচিত্র অভিজ্ঞতা রয়েছে এই অভিনেতার। রয়েছে অসংখ্য আনন্দ-বেদনার স্মৃতি। লেখক কিংবা নির্মাতা বাইরে একজন মানুষ হিসেবেও হুমায়ূন আহমেদকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে সেইসব স্মৃতিকথা বলেছেন ডা. এজাজ। যেখানে উঠে এসেছে হুমায়ূন আহমেদের সঙ্গে তাঁর প্রথম পরিচয়, প্রথম ও শেষ কাজ, শুটিংয়ে মজার ঘটনা, আড্ডা, গল্প, শেষ দেখা ও একরাশ শূন্যতা। আজ সকাল ৭টায় প্রচার হবে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও অর্চি রহমান।
গান-চলচ্চিত্রে হুমায়ূন
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও চ্যানেল আইয়ের পর্দাজুড়ে থাকছে নানান আয়োজন। সকালে ‘গান দিয়ে শুরু’তে থাকবে তরুণ প্রজন্মের শিল্পী মুগ্ধ, অনন্যা আচার্য ও প্রান্তির কণ্ঠে হুমায়ূন আহমেদ পরিচালিত বিভিন্ন চলচ্চিত্রের গান।
এ ছাড়াও সকাল ১১টা থেকে দিনব্যাপী অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হুমায়ূন আহমেদের বই নিয়ে চ্যানেল আই প্রাঙ্গনে বইমেলা অনুষ্ঠিত হবে। দুপুরে ‘তারকা কথন’-এ উপস্থিত থাকবেন অভিনেতা-আবৃত্তিজন জয়ন্ত চট্টোপাধ্যায়।
‘এবং সিনেমার গান’-এ থাকছে হুমায়ূন আহমেদের লেখা গান। দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে এ নির্মাতার স্মরণে বিশেষ অনুষ্ঠান। বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘নয় নম্বর বিপদ সংকেত’।