বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক কামাল পারভেজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলের ভাই।
এই পাঁচ ভাইয়ের পরিবারের তৃতীয় ছিলেন কামাল পারভেজ। অভিনয় ও প্রযোজনায় সমানভাবে যুক্ত ছিলেন তিনি। ‘বিশ্বপ্রেমিক’, ‘বীরপুরুষ’, ‘আমি শাহেনশাহ’, ‘খুনের পরিণাম’ ও ‘চারদিকে অন্ধকার’সহ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। বিশেষ করে ‘বীরপুরুষ’ ছবিটিতে তিন ভাই—সোহেল রানা, রুবেল ও কামাল পারভেজ একসঙ্গে অভিনয় করেন।
কামাল পারভেজের মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন অভিনেতা–পরিচালক মাশরুর পারভেজ, যিনি সোহেল রানার ছেলে। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই কামাল পারভেজের শারীরিক অবস্থা ভালো ছিল না। শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিউ ও লাইফ সাপোর্টে নেওয়ার পর আজ ভোরে তাঁর মৃত্যু হয়। স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন প্রয়াত এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
জানা যায়, জানাজা অনুষ্ঠিত হবে উত্তরা ৫ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ জোহর। এরপর তাঁকে দাফন করা হবে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।