শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

চুপিসারে চলছে চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ‘মালিক’ নামের নতুন একটি সিনেমার শুটিং। বিষয়টি পুরো ইউনিটই গোপন রাখতে চাইলেও তা পুরোপুরি সম্ভব হয়নি। কারণ ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে ফাঁস হয়ে গেছে সিনেমাটির কয়েকটি শুটিং দৃশ্য।

এই সিনেমার শুটিং চলাকালে আহত হয়েছেন আরিফিন শুভ। অ্যাকশন দৃশ্যের শট দিতে গিয়ে শরীরে আগুন লেগে যায় এই অভিনেতার। তবে সিনেমার মতো দুর্ঘটনা নিয়েও সংশ্লিষ্টরা একবারেই মুখে খুলুপ এঁটে আছেন।

শুটিং ইউনিটের একাধিক সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যে আরিফিন শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবই পরিকল্পনা মাফিক হচ্ছিল। কিন্তু ক্যামেরা ঘুরতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, হঠাৎ শুভর পায়ে আগুন লেগে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনের শিখা আরও ভয়াবহ হয়ে ওঠে।

আরও জানা যায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই শিখা নিভানোর চেষ্টা করেন। তবে আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখনই ইউনিট সদস্যরা এগিয়ে এসে আগুন নেভান।

দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধের সিদ্ধান্ত নিলেও, শুভ নাকি পিছু হটেননি! প্রাথমিক চিকিৎসা নিয়েই আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেদিনের সব শুট শেষ করেন তিনি।

সূত্র বলছে, পায়ে ক্ষত নিয়েই এখনও নিয়মিত শুটিংয়ে অংশ নিচ্ছেন শুভ। এই দুর্ঘটনা নিয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চাননি।

প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’। এতে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা মিম।