ওজন কমিয়ে চমকে দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানালেন, গত ৬ মাসে ১৮ কেজি ওজন কমিয়েছেন! সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে পৃথক কিছু ছবি শেয়ার করে রূপান্তরের এই তথ্য জানান অভিনেত্রী।
তবে এই ওজন কমানোর পথটা সহজ ছিল না জানিয়ে বাঁধন বলেন, ‘৭৮ কেজি থেকে ৬০ কেজি—আমি এটি করেছি! এই যাত্রা সহজ ছিল না। মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস ও বংশগত কারণে ওজন বৃদ্ধিকে তুচ্ছ করার ফলস্বরূপ আমার ওজন বেড়েছিল। কিন্তু সঠিক চিকিৎসকের নির্দেশনা, ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের জোরে আমি মাত্র ৬ মাসে ১৮ কেজি ওজন কমাতে পেরেছি।’
তিনি আরও জানান, এই ওজন কমানোর প্রক্রিয়ায় তাঁর মেয়ে ছিল সবচেয়ে বড় শক্তি। মেয়েই তাঁকে শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছে।
বাঁধন আরও বলেন, ‘এটি শুধু ওজন কমানো নয়—এটি নিরাময়, শক্তি ও আত্মসম্মানেরও প্রতীক; এখনও এগিয়ে চলছি।’
এদিকে, ওজন কমানোয় তাঁর ভক্ত-অনুরাগী থেকে শুরু শোবিজের অনেকে বেশ চমকেও গেছেন! একজন লিখেছেন, ‘ভালো! অনুপ্রেরণাদায়ক।’ আরেকজন লিখেছেন, ‘চমৎকার! আমাকেও শেখান।’ কেউ-বা আবার বাঁধনকে এই জার্নি নিয়ে ভিডিও বানানোর দাবি জানিয়েছেন।
সম্প্রতি ‘উৎসব’খ্যাত নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ চুক্তিবদ্ধ হয়েছেন আজমেরী হক বাঁধন। এটি নির্মিত হচ্ছে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত বাঁধন বলেন, ‘এই সিনেমার নির্মাতা ও সহশিল্পীরা আমার ভীষণ পছন্দের। তানিম নূর যখন এই চরিত্রের কথা বলল, তখন আমার মেয়ে বলেছে, তুমি এটি করো। কারণ আমাকে নাকি সব সময় সিরিয়াস আর অবসাদগ্রস্ত চরিত্রে দেখা যায়। আর হুমায়ূন আহমেদ যে আমার কত পছন্দের, সেটা সবাই জানে। অনেক বছর পর তার গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা আমার কাছে বিশেষ কিছু।’