যে গাছটি এখন কাঁদায় শুভকে

মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ করেছেন অভিনেতা আরিফিন শুভ। ফেসবুকে মায়ের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘কামিনী, কাঠগোলাপ আর বেলি মায়ের পছন্দের ফুল। ছাদে তাঁর প্রিয় কাঠগোলাপ নিয়ে আসা হয়েছে, সেটা দেখাচ্ছিলাম। এই গাছটা এখন বড় হয়েছে, ফুলে ভরে যায়। শুধু তোমাকে আর দেখানো হলো না, মা।’

পোস্টে শুভ আরও লেখেন, ‘‘আমার এখনও মনে হয়, বাসায় ফিরেই ‘মা’ বলে ডাকতে পারব, কোলে গিয়ে শুয়ে পড়ব। বলব—মা, আমার জন্য একটু দোয়া করো। কিন্তু… মা আল্লাহর কাছে আজ দুই বছর।’’ এ সময় তিনি ভক্তদের কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন।

২০২৩ সালের আজকের দিনে রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে মারা যান শুভর মা খাইরুন নেছা। মৃত্যুর আগে দীর্ঘদিন মা ও ছেলে একসঙ্গেই ছিলেন। অসুস্থ মাকে হাসপাতালে নেওয়া, তাঁর সার্বক্ষণিক দেখভাল—এসব স্মৃতি আজও অভিনেতাকে তাড়া করে বেড়ায়।

জানা যায়, ২০১৭ সাল থেকে খাইরুন নেছা সিজোফ্রেনিয়াসহ বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি বার্ধক্যজনিত জটিলতাও ছিল। গত আট বছর ধরে তিনি ঢাকার বাসাতেই থাকতেন।

এদিকে, কাজের ব্যস্ততায় সময় কাটছে আরিফিন শুভর। বর্তমানে তিনি নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং নিয়ে ব্যস্ত, যা সাইফ চন্দন পরিচালিত এবং পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের সিরিজ ‘জ্যাজ সিটি’তেও দেখা যাবে এই অভিনেতাকে।