নেদারল্যান্ডসের রটারড্যাম জয় করল বাংলাদেশি ছবি ‘মাস্টার’

বাংলাদেশি সিনেমার জন্য আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হলো গর্বের এক স্মরণীয় মুহূর্ত। নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যামের পঞ্চান্নতম আসরে মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। সিনেমার অন্যতম চরিত্রে আছেন নাসির উদ্দিন খান।

পুরস্কার প্রাপ্তির বিষয়টি রটারড্যাম থেকেই নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। তাঁর ভাষায়, এই অর্জন শুধু একটি সিনেমার নয়, বরং সমসাময়িক বাংলাদেশি সিনেমার জন্য একটি বড় স্বীকৃতি ও নতুন মাইলফলক।

পুরস্কার ঘোষণার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ‘মাস্টার’-এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে সিনেমাটির পুরো টিম।

পুরস্কার মঞ্চে মাস্টার টিম। ছবি: ফেসবুক থেকে নেওয়াভিডিওটি শেয়ার করে ক্যাপশনে বাঁধন লেখেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!’

এদিকে সিনেমাটির আরেক অভিনেত্রী জাকিয়া বারী মমও আনন্দঘন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যামের পঞ্চান্নতম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ডজয়ী সিনেমা মাস্টার।’

সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব ও সামাজিক টানাপোড়েনকে ঘিরে। এতে আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মমের পাশাপাশি অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ আরও অনেক অভিনয়শিল্পী।