এবার অস্ট্রেলিয়ায় ‘বনলতা এক্সপ্রেস’

দেশের প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এবার তানিম নূর পরিচালিত এই সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) এটি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনায় রয়েছে বঙ্গজ ফিল্মস।

আন্তর্জাতিক মুক্তির বিষয়টি সামাজিকমাধ্যমের এক পোস্টে নিশ্চিত করেছেন নির্মাতা তানিম নূর। তিনি জানান, আজ থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে দেখা যাচ্ছে বনলতা এক্সপ্রেস। টিকিট পাওয়া যাচ্ছে বঙ্গজ ফিল্মসের ওয়েবসাইটে

সিনেমাটির একটি দৃশ্যে সাবিলা ও রাজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এ ছাড়াও নির্মাতা জানান, আগামী এপ্রিল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।

প্রসঙ্গত, গত বছর ঈদুল আজহায় ‘উৎসব’ দিয়ে দর্শক মাতিয়েছিলেন তানিম নূর। এবার তাঁর বনলতা এক্সপ্রেসও দর্শকমহলে বাজিমাত করছে। কথাসাহিত্যিক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয় সিনেমাটি। প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ।

তারকাবহুল এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, শ্যামল মাওলাসহ অনেকে।