এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘দম’

ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তায় রয়েছে আফরান নিশো, পূজা চেরী ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘দম’। সিনেমাটির প্রায় প্রতিটি শো-ই হাউজফুল যাচ্ছে। দর্শক চাহিদায় আন্তর্জাতিক বাজারেও মুক্তি পেয়েছে এটি। গত ২৭ মার্চ থেকে শুরু হওয়া এই শো চলবে ২৯ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিভিন্ন হলে।

এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে দম। আগামী ১০ এপ্রিল থেকে সিনেমাটি নিউইয়র্ক ও লস আঞ্জেলেসের দর্শকরা দেখতে পাবেন রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমা। এরপর ১৭ এপ্রিল আমেরিকার আরও বেশকিছু শহরে মুক্তি পাবে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ ও নওশাবা রশিদ।

এক বিবৃতিতে তাঁরা জানান, শুক্রবার (১০ এপ্রিল) নিউইয়র্ক ও লস আঞ্জেলেসে প্রিমিয়ারসহ মুক্তি পাবে ঈদের আলোচিত এই সিনেমা। সেখানে পুরো সপ্তাহ চলার পর ১৭ এপ্রিল আমেরিকা ও কানাডাজুড়ে মুক্তি পাবে এটি।

রাজ হামিদ বলেন, ‘উত্তর আমেরিকার বাংলা সিনেমার দর্শকরা বাংলা চলচ্চিত্রকে নতুন প্রাণ দিয়েছে। দম হবে আমাদের ৫৩তম পরিবেশনা। আপনাদের ভালবাসায় এত দূর আসা।’

১০ বছর পর বড়পর্দায় রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে। ঈদুল ফিতরে মুক্তির তিন দিনে মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন করেছে।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকি প্রযোজিত দম’র চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।