‘সময় আমাদের পক্ষে ছিল না’, প্রিন্স নিয়ে দুঃখপ্রকাশ শাকিবের

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিন্স’র প্রিমিয়ার হয়েছে স্টার সিনেপ্লেক্সের উত্তরা শাখায়। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় সিনেমাটির এই বিশেষ প্রিমিয়ারে এসেছিলেন তারকাদের অনেকে। সেখানে মধ্যরাতে গণমাধ্যমের সামনে হাজির হয় প্রিন্স টিম। এ সময় শাকিব ছাড়াও উপস্থিত ছিলেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, ডা. এজাজ, ইন্তেখাব দিনার এবং নির্মাতা আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা প্রমুখ।

শুরুতেই প্রিন্স’র বিপর্যয় নিয়ে দুঃখপ্রকাশ করেন শাকিব। এরপর তিনি বলেন, ‘পাঁচ দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না। তারপরও ২২টি শো। এটাই প্রিন্সের প্রতি দর্শকদের ভালোবাসা।’

সিনেমাটির যান্ত্রিক ত্রুটির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন প্রিন্স সিনেমার গল্প শুনেছি তখন মনে হয়েছিল, এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময় স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এ জন্য নির্মাতাসহ সবার পক্ষ থেকে আমি দুঃখপ্রকাশ করছি। আমরা চেষ্টা করেছি। পরবর্তী সিনেমাগুলোয় কাজের সময় ত্রুটিগুলো খেয়াল করব।’

সুপারস্টার আরও বলেন, ‘কাজটি করতে গিয়ে শুরুতেই পারমিশন ঝামেলায় আমাদের তিন মাস চলে যায়, যে কারণে শিডিউলের বড় একটি অংশ সেখানেই ব্যাঘাত হয়। এরপর ঈদের আগের দিন পর্যন্ত শুটিং, সবকিছু মিলিয়ে সময় আমাদের পক্ষে ছিল না। তাই আমার পরবর্তী নির্মাতা ও প্রযোজকদের একটি বিষয় বলব, প্ল্যান এ-র পাশাপাশি প্ল্যান-বি রাখার জন্য। তারপরও পরিপূর্ণ সিনেমাটি না দেখাতে পেরেও দর্শক যে ভালোবাসা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’ 

প্রসঙ্গত, আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমাটি ঈদুল ফিতরে দেশের ১৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে কারিগরি ত্রুটির কারণে সিনেপ্লেক্স থেকে কয়েকবার সিনেমাটি নামিয়ে দেওয়া হয়। ফলে দর্শকরা একইসঙ্গে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।